গ্যাস লাইন বসাতে কাটা পড়বে ১৩ হাজার গাছ
দ্বিগুণ গাছ লাগানোর নির্দেশনাসহ গ্যাসের সঞ্চালন লাইন বসাতে গাজীপুরে বন বিভাগের ১৩ হাজারেরও বেশি গাছ কাটার প্রস্তাবে সায় দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে এই প্রস্তাবে অনুমোদন দেওয়া হয় বলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছেন।
বৈঠকের পরে সাংবাদিকদের তিনি বলেন, জয়দেবপুর মোড় থেকে শ্রীপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঞ্চালন এই সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের উভয় ধরণের গাছ কাটা ও অপসারণের অনুমতি দেওয়া হয়।
“এই সঞ্চালন লাইন স্থাপনের ফলে ১৩ হাজার ৩৫৬টি গাছ ও চারাগাছ কাটা পড়বে। এর মধ্যে বিক্রয়যোগ্য গাছের সংখ্যা ৪ হাজার ১১টি এবং বাকি ৯ হাজার ৩৪৫টি চারাগাছ।”
শফিউল আলম বলেন, ২০২২ সাল পর্যন্ত এ ধরণের গাছ কাটায় নিষেধাজ্ঞা থাকায় অনুমোদনের জন্য এটা মন্ত্রিসভায় আনা হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “গাছ কাটা এড়িয়ে এই লাইন স্থাপন সম্ভব না।”
গাছ লাগানোর শর্তে বিভিন্ন সংস্থা গাছ কাটার অনুমতি নিলেও পরে তা পূরণ করে না-এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, “মন্ত্রণালয় সেটা দেখে।”
মন্ত্রিসভার বৈঠকে একাত্তরে পাকিস্তান সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধে যোগদানকারী কূটনীতিক, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।
