ঢাকায় চীনা পররাষ্ট্রমন্ত্রীর যাত্রাবিরতি
আফ্রিকা সফরের পথে ঢাকায় হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রা বিরতি দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি।
শনিবার ভোররাতে যাত্রাবিরতির সময় তার সঙ্গে দেখা করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।
চীনা প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজটি রাত ১টা ৫০ মিনিটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টায় এটি পুনরায় যাত্রা শুরু করে।
ঢাকায় চীনা দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত জ্বালানি নেওয়ার জন্য দেড় ঘণ্টার জন্য উড়োজাহাজটি এখানে অবতরণ করেছিল। কিন্তু কুয়াশার কারণে যাত্রা বিলম্বিত হয়।”
পররাষ্ট্র সচিব শহীদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কূটনৈতিক আচার অনুযায়ী চীনা পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে তিনি বিমানবন্দরে গিয়েছিলেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকা সফরে জাম্বিয়া, তানজানিয়া, কঙ্গো ও নাইজেরিয়া যাচ্ছেন।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিন মাস আগেই বাংলাদেশ সফর করে যান।
