২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়র আরিফুল ও গউছের জামিন আপিলেও বহাল

বিস্ফোরক আইনের দুই মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জিকে গউছকে হাই কোর্টের দেওয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2017, 01:07 PM

Updated : 11 Oct 2022, 01:16 PM

রাষ্ট্রপক্ষের আলাদা দুটি আবেদনের শুনানি করে মঙ্গলবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেয়।

আদালতে দুই মেয়রের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট আবদুল হালিম কাফী ও এম মাসুদ রানা; রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী ও সাংসদ শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় জি কে গউছ এবং সুনামগঞ্জের দিরাইয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের অপর মামলায় আরিফুল হক চৌধুরী একসঙ্গে গত ১১ ডিসেম্বর হাই কোর্ট থেকে ৬ মাসের জামিন পান।

ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের পৃথক দুটি আবেদনের শুনানি করে ২০ ডিসেম্বর চেম্বার বিচারপতি হাই কোর্টের আদেশ স্থগিত করে ২ জানুয়ারি বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছিলেন।

Image
আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)

Image
জিকে গউছ (ফাইল ছবি)

জিকে গউছ (ফাইল ছবি)

সর্বোচ্চ আদালতে জামিন বহাল থাকায় আরিফুল ও গউছের মুক্তিতে আইনগত আর কোনো বাধা নেই বলে দুই মেয়রের আইনজীবীই বলেছেন।

২০০৪ সালের ২১ জুন দিরাইয়ে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলায় এক যুবলীগ কর্মী নিহত হন; আহত হন ২৯ জন নেতাকর্মী। ওই ঘটনায় দিরাই থানায় বিস্ফোরক আইনে করা মামলার তদন্ত কর্মকর্তা আরিফুল হকসহ ১৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচ জন নিহত হন। ওই ঘটনায় জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা করেন।

উভয় মেয়র এই দুই মামলায় গত ১১ ডিসেম্বর হাই কোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন।