রাষ্ট্রপতির সঙ্গে ঘাতক-দালাল নির্মূল কমিটির সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি।
সোমবার কমিটির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।
তিনি সাংবাদিকদের বলেন, “সাক্ষাৎকালে প্রতিনিধি দল ঘাতক দালাল নির্মূল কমিটির বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
“প্রতিনিধি দল গণহত্যাসহ যুদ্ধাপরাধে অভিযুক্তদের বিচারে আন্তরিকতা ও সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান। প্রতিনিধি দল বলে, বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার বিশ্বব্যাপী প্রশংসা অর্জন করেছে।”
রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে ঘাতক-দালাল নির্মূল কমিটির কার্যক্রমের প্রশংসা করেন।
প্রতিনিধি দলে ছিলেন-বিচারপতি শামসুল হুদা, বিচারপতি গোলাম রাব্বানী, শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, কাজী মুকুল ও শাহরিয়ার কবির।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা এসময় উপস্থিত ছিলেন।
