২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সফরে আসা ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 10:14 PM

Updated : 20 Aug 2022, 02:30 PM

মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন।

তিনি সাংবাদিকদের বলেন, বালিতে অনুষ্ঠেয় আইওআরএ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো ইউদোদোর আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন ইন্দোনেশীয় মন্ত্রী।

বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ আফ্রিকাসহ ২১টি উপকূলীয় দেশ নিয়ে গঠিত ইন্ডিয়ান ওশ্যান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) ২০তম সম্মেলন আগামী ৭ মার্চ বালিতে অনুষ্ঠিত হবে।

ইহসানুল করিম বলেন, “ইন্দোনেশিয়ার পরাষ্ট্রমন্ত্রী জানান, তিনি কক্সবাজারে ‘মিয়ানমারের আনডকুমেন্টেড ন্যাশনালদের’ সঙ্গে দেখা করেছেন।

“প্রধানমন্ত্রী বলেছেন, মিয়ানমারকে তাদের ফেরৎ নিতে হবে। তিনি আশা করেন, আশিয়ান দেশগুলো মিয়ানমারের সাথে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধানে সাহায্য করবে।”

কোনও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড চালাতে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না বলেও তার সরকারের অবস্থান পুর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

সৌজন্য সাক্ষাতে দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রেস সচিব।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী সাক্ষাতে উপস্থিত ছিলেন।