২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচার বিভাগীয় সম্মেলনে ‘যাচ্ছেন না’ প্রধানমন্ত্রী

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আয়োজনে ‘জাতীয় বিচার বিভাগীয়’ সম্মেলনের উদ্বোধনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 02:14 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

হাই কোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে বলেন, গত ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টকে বিষয়টি জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিসহ দেশের অধস্তন আদালতের সকল স্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে আগামী ২৪ ও ২৫ ডিসেম্বর চলতি বছরের এই সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর উপস্থিতির বিষয়টি আগে নিশ্চিত করা হয়েছিল জানিয়ে সাব্বির ফয়েজ বলেন, “কথা ছিল মাননীয় প্রধানমন্ত্রী সম্মেলনের উদ্বোধন করবেন। কিন্তু ১৪ ডিসেম্বর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে চিঠিতে জানানো হয়েছে, তিনি জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে আসছেন না।”

এক প্রশ্নের জবাবে সাব্বির ফয়েজ বলেন, “প্রধানমন্ত্রীর না আসার নির্দিষ্ট কোনো কারণ ওই চিঠিতে উল্লেখ করা হয়নি।”

ভারতের প্রধান বিচারপতি টি এস ঠাকুরকেও এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে তিনিও আসছেন না।

“খুব সম্ভবত আগামী মাসেই বিচারপতি টি এস ঠাকুর অবসরে যাচ্ছেন। ফলে তিনি থাকতে পারছেন না,” বলেন সাব্বির ফয়েজ।

তবে বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী এবং আইন ও বিচারমন্ত্রী আনিসুল হক সম্মেলনে অতিথি হিসেবে থাকার বিষয়ে ‘মৌখিকভাবে নিশ্চিত করেছেন’ বলে অতিরিক্ত রেজিস্ট্রার জানান।

২৪ ডিসেম্বর সকাল ১০টায় সম্মেলনের উদ্বোধন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। আর সম্মেলনের দ্বিতীয় দিনের সব অধিবেশন হবে সুপ্রিম কোর্ট মিলনায়তনে। দ্বিতীয় দিনের অধিবেশন শুরু হবে সকাল ৯টায়।

সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগের ডিজিটাইজেশন এবং কার্যকর আদালত প্রশাসন ও মামলা ব্যবস্থাপনার মাধ্যমে মামলাজট সহনীয় পর্যায়ে কমিয়ে আনার পথে বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও সমাধানের উপায় নিয়ে এই সম্মেলনে বিস্তারিত আলোচনা ও দিক-নির্দেশনা দেওয়া হবে।