মালয়েশিয়া প্রবাসীদের নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের আলোচিত্র নিয়ে ঢাকায় হয়ে গেল প্রদর্শনী।
গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের নবম সম্মেলন উপলক্ষে গত ৮ ডিসেম্বর থেকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোকচিত্রী শহিদুল আলমের এই একক আলোকচিত্র প্রদর্শনী হয়।
‘দ্য বেস্ট ইয়ারস অফ মাই লাইফ: বাংলাদেশি মাইগ্র্যান্টস ইন মালয়েশিয়া’ শিরোনামের এই প্রদর্শনী শেষদিন সোমবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বিকালে আলোকচিত্রীর সঙ্গে একটি ‘গ্যালারি ওয়াকের’ আয়োজন করা হয়। সেখানে শহিদুল আলম মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের জীবনযাপন, তাদের পরিবার, দালাল, বাংলাদেশি রাষ্ট্রদূতের ছবি তোলা এবং তাদের সঙ্গে কথা বলার বিভিন্ন অভিজ্ঞতা তুল ধরেন।
তিনি বলেন, “সরকারি ছত্রচ্ছায়ায় আমি আমার কাজ দেখাচ্ছি। ১২৪ টি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে এই কাজ দেখে গেছে, যাতে উপলব্ধির জায়গা তৈরি হয়েছে।”
বাংলাদেশ সরকারের উদ্যোগে অনুষ্ঠিত প্রদর্শনীটির আয়োজনে সহযোগিতা করেছে সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশন এবং দৃক পিকচার লাইব্রেরি।
