মহাখালীর বহুতল ভবনে ‘চুরি’
রাজধানীর মহাখালীর একটি বহুতল ভবনের লিফটম্যানকে বেঁধে ‘চুরি’র চেষ্টা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বনানী থানার ওসি বিএম ফারমান আলী জানান, রোববার সন্ধ্যায় মহাখালীর হোসাফ টাওয়ারে এ ঘটনা ঘটে।
রাত ৮টার দিকের ভবনটির ১৪তম তলায় চোরদের এই হানার সময় লিফটম্যান বাবলু সন্দেহবশত সেখানে উঁকি দিলে তিনজনের একটি চোরচক্র তাকে বেঁধে রেখেছিল বলে জানান ওই ভবনের নিরাপত্তাকর্মী মনতোষ দাস।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাবলুকে বেঁধে রাখার বিষয়টি জানার পর ভবন থেকে বাহির হওয়ার ফটক বন্ধ করে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে ভবনের ১৪ তলায় উঠে।তারপর র্যাবেরও একটি দল ঢোকে।
রাত ১০টার দিকে র্যাব সদস্যরা নিচে নেমে এসে জানান, ১৪ তলার ফ্লোরের গেইটের তালা ভেঙে দুর্বৃত্তরা অফিসে ঢুকে কাগজপত্র এলোমেলো করেছে।
নাম প্রকাশ না করা এক র্যাব সদস্য জানান, লিফটম্যান বাবলু ১৪ তলায় উঠলে দুর্বৃত্তরা তার হাত পিছমোড়া করে বেঁধে উপুড় করে রেখে দেয়। এ সময় বাবলু পেছন থেকে আস্তে আস্তে প্যান্টের পকেটে হাত দিয়ে মোবাইল বের করে আরেক লিফটম্যান রাসেলকে ফোন দিলে চোর ঢোকার খবর পায় অন্যরা।
দুর্বৃত্তরা সংখ্যায় তিনজন ছিল বলে বাবলু র্যাবকে জানিয়েছে বলেও জানান এই র্যাব সদস্য।
নিরাপত্তা কর্মী মনতোষ দাস জানান, ১৪ তলার যে ফ্লোরে চোররা ঢুকেছিল সেখান হোসাফের চেয়ারম্যান মোয়াজেম হোসেন ও কয়েকজন পরিচালকের অফিস। বিকাল ৫টার পর সাধারণত ওই অফিসটিতে কেউ থাকে না।
তবে ভবনটি ৫, ৬, ৯, ১১ ও ১২ তলায় থাকা সিএ ফার্মের অফিসে রাত ১২টা পর্যন্ত ছাত্ররা আসা-যাওয়া করে জানিয়ে তিনি আরও বলেন, বিকাল থেকে তারা তিনজন ফটকে দায়িত্ব পালন করছেন। কাউকে জোট বেঁধে ঢুকতে বা বাহির হতে দেখেননি।
বনানীর ওসি ফারমান আলী বলেন, চোর ঢুকেছিল। পরে লিফটম্যানকে বেঁধে পালিয়ে যায়।
বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
