ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর
ফিলিস্তিনের জনগণের অধিকারের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পূর্নব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সন্ধ্যায় গণভবনে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ এনএ মালকি দেখা করতে গেলে তাকে একথা জানান তিনি।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশ সবসময় ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে এবং এটা দেবে। বাংলাদেশের মানুষের হৃদয়ে ফিলিস্তিনিদের জন্য সবসময়ই বিশেষ জায়গা রয়েছে।”
ইসরায়েলের নির্যাতনের বিরুদ্ধে শেখ হাসিনার জোরালো প্রতিবাদের কথা স্মরণ করে বাংলাদেশের শক্ত সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান মালকি।
শেখ হাসিনা বলেন, তিনি সবসময়ই ইসরায়েলি দখলদারদের দ্বারা ফিলিস্তিনি নারী ও শিশু হত্যার বিরুদ্ধে কথা বলে আসছেন।
আরবি ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর আত্মজীবনীর কয়েকটি কপি ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রীর হাতে তুলে দেন প্রধানমন্ত্রী।
মালকি বলেন, তারা এই আত্মজীবনী আরবিতে অনুবাদ করেছেন এবং তা অন্য আরব দেশগুলোতেও বিতরণ করছেন।
অন্য আরব দেশগুলোকেও এই বই প্রকাশের অনুরোধ জানিয়েছেন।
প্রধানমন্ত্রী আরবিতে প্রকাশিত বঙ্গবন্ধুর আত্মজীবনীর একটি কপিতে অটোগ্রাফ দিয়ে তা ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসকে উপহার দেওয়ার জন্য মালকিকে হস্তান্তর করেন।
পররাষ্ট্রমন্ত্রী মালকি শ্রদ্ধার সঙ্গে বঙ্গবন্ধুকে স্মরণ করে বলেন, তিনি তার দেশের মানুষের জন্য যা করেছেন তা ‘অদ্বিতীয়’।
তিনি বঙ্গবন্ধুর সঙ্গে ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাতের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্মরণ করে বলেন, “সেই সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা করা আমাদের দায়িত্ব।”
শেখ হাসিনাও এসময় ইয়াসির আরাফাতের সঙ্গে তার বৈঠকের কথা স্মরণ করেন।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতার উপর গুরুত্বারোপ করেন।
সাক্ষাতে প্রধানমন্ত্রীর সামরিক সচিব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম উপস্থিত ছিলেন।
এর আগে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গাই রাইডার এবং স্পেনের বিদায়ী রাষ্ট্রদুত এদুয়ার্দো দে লা ইগলেসিয়া ই দেল রোসাল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
