২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশনে ‘সংখ্যালঘু’ প্রতিনিধি রাখার প্রস্তাব

ভোটের আগে-পরে ‘সংখ্যালঘু’দের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের মধ্য থেকে যোগ্য ‘অন্তত একজনকে’ নির্বাচন কমিশনের সদস্য করার আহ্বান জানিয়েছে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদসহ ১৬টি সংগঠনের জাতীয় সমন্বয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 07:31 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সমন্বয় কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ আহ্বান জানান।

তিনি বলেন, “জাতীয় এমনকি স্থানীয় সব নির্বাচনও ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অভিশাপ হয়ে আসে।

“অতীতের নির্বাচন কমিশনগুলো ভোটের আগে-পরে সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিলেও কার্যত তা ছিল লোক-দেখানো আপ্তবাক্য।”

এজন্য ফেব্রুয়ারিতে গঠন হতে যাওয়া নতুন কমিশনে অন্তত একজন ‘সংখ্যালঘু’ সদস্য রাখার অনুরোধ জানান তিনি।

নাসিরনগর ও গোবিন্দগঞ্জের ঘটনায় রাজনীতিকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেন যুদ্ধাপরাধ ট্রাইব‌্যুনালের আইনজীবী রানা দাশগুপ্ত।

“নির্যাতিতকে নয়, রাষ্ট্র ও রাজনীতি সুরক্ষা দিচ্ছে অত্যাচারীকে। ঘটনাপ্রবাহ আমাদের এই বিশ্বাসকেই ভিত্তি দিচ্ছে।”

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এবং মৎস্য ও প্রাণীসম্পদমন্ত্রী ছায়েদুল হকেরও শাস্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও জাতীয় সংখ্যালঘু কমিশন গঠনের ঘোষণা এবং সব সম্প্রদায়ের সমস্যা সমাধানে ‘দৃশ্যমান রাজনৈতিক পদক্ষেপ নেয়া’র দাবি জানানো হয়।

দাবি বাস্তবায়নে ৩১ ডিসেম্বর সারাদেশে দুই ঘন্টার অবস্থান কর্মসূচি করবে বলেও জানানো হয়।

অন্যদের মধ্যে পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু, খ্রিস্টান অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিউবার্ট গোমেজ, বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক অশোক তরু, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

গত বছরের ডিসেম্বরে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, আদিবাসী ফোরাম, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, বুড্ডিস্ট ফেডারেশন, বৌদ্ধ সমিতি, হরিজন ঐক্য পরিষদ, হিন্দু লীগ, মাইনোরিটি সংগ্রাম পরিষদ ও অনুভবসহ ১৬টি সংগঠন নিয়ে জাতীয় সমন্বয় কমিটি গঠিত হয়।