বহুতল ভবনের টাকা পেল খুলনা ও বাগেরহাট আইনজীবী সমিতি
বহুতল ভবন নির্মাণে সরকারের বরাদ্দকৃত টাকার চেক পেয়েছে খুলনা ও বাগেরহাট জেলা আইনজীবী সমিতি।
বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আনিসুল হক এই দুই সমিতির নেতাদের হাতে টাকার চেক হস্তান্তর করেন।
খুলনা জেলা আইনজীবী সমিতি পেয়েছে ৩ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা। এদিয়ে ৬ তলা ভিতের ৪ তলা ভবন হবে। অন্যদিকে বাগেরহাট জেলার জন্য বরাদ্দ হওয়া ৪ কোটি ৪৪ লাখ ৩ হাজার টাকায় ৬ তলা ভবন হবে।
বাগেরহাট জেলার পক্ষ থেকে অর্থ মঞ্জুরি গ্রহণ করেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হাওলাদার ওজিউর রহমান পিকলু। সঙ্গে ছিলেন সাবেক সভাপতি শাহে আলম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক আমিরুল আলম মিলন।
খুলনা জেলার পক্ষে ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কেএম ইকবাল হোসেন ও নির্বাহী সদস্য শিউলি সেরনিয়াবাত।
“আইনের শাসনের প্রতিও সেটার একটা বিরূপ প্রতিক্রিয়া হয়। সেই ক্ষেত্রে এই কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ায় তার সরকারের একটা মনোযোগ রয়েছে।”
প্রধানমন্ত্রীকে অনুরোধ করে এই অর্থ আদায় করেছেন বলে আইনজীবীদের জানান একই পেশায় থাকা আনিসুল হক।
“আমি এক সময় প্রধানমন্ত্রীকে বলেছিলাম, আইনজীবীরা বার ভবন করতে আমার কাছে অনুদান চায়, আইন মন্ত্রণালয়ে টাকা পয়সা কম। আমি সেটা দিতে পারি না। অর্থমন্ত্রীকে যদি বলে দেন, আমাকে কিছু অর্থ দেওয়ার জন্য, তাহলে আমি সারা দেশের ৬৪ জেলায়ই এ ব্যাপারে পদক্ষেপ নিতে পারি।”
“উনি একটা কথাই বলেছিলেন, তোমার কাছে যেগুলো আসবে, সেগুলো আমার কাছে পাঠায়া দিবা। আমি সবগুলো দিয়ে দেব। আপনারা বুঝতে পারেন, এক্ষেত্রে তার কতটা আগ্রহ।”
এই অর্থে নির্মিত ভবনগুলো যেন সুন্দর হয় এবং একটি গ্রন্থাগার যেন রাখা হয়, সেই অনুরোধ সমিতিগুলোর প্রতি রাখেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকও উপস্থিত ছিলেন।
