২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাম্পাকো মালিককে আত্মসমর্পণের নির্দেশ

টঙ্গীর টাম্পাকো ফয়েলস কারখানায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় করা দুই মামলায় কোম্পানির চেয়ারম্যান সৈয়দ মকবুল হোসেনসহ কারখানার ছয় কর্মকর্তাকে এক সপ্তাহের মধ্যে জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 01:19 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

পুরনো খবর:

টাম্পাকো মালিকের জামিন আবেদন হাই কোর্টে

তাদের আগাম জামিন আবেদনের ওপর তিন দিন শুনানি করে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও জাফর আহমদের হাই কোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়।

সিলেটে বিএনপির সাবেক সাংসদ মকবুল আগাম জামিন না পেলেও তার স্ত্রী সাজেদা পারভীন হোসেন, মেয়ে সৈয়দা আবিদা হোসেনকে আদালত আট সপ্তাহের জামিন দিয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। সঙ্গে ছিলেন এম আতাউল গণি। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ১০ সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকার টাম্পাকো ফয়েলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হন, আহত হন আরও অন্তত ৪০ জন।

ওই ঘটনার দুই দিন পর টঙ্গী থানায় হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে দুটি মামলা হয়। এর মধ‌্যে

নিহত এক শ্রমিকের বাবার করা মামলায় আটজনকে এবং পুলিশের দায়ের করা অন‌্য মামলায় দশ জনকে আসামি করা হয়।

Image
মকবুল হোসেন

মকবুল হোসেন

কোম্পানির চেয়ারম্যান মকবুল হোসেনসহ দুই মামলার আট আসামি গত সোমবার হাই কোর্টে হাজির হয়ে জামিনের আবেদন করেন। ওই দুই আবেদনের ওপর সোম ও মঙ্গলবার শুনানি শেষে আদালত আদেশ দিল।

আদেশের পর আতাউল গণি বিডিনিউজকে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত দুজনকে আট সপ্তাহের জামিন দিয়েছেন। আর বাকিদের এক সপ্তাহের মধ্যে দায়রা জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।”

আত্মসমর্পণের আদেশ পাওয়া বাকি পাঁচজন হলেন- মকবুলের ছেলে টাম্পাকোর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ তানভীর আহমেদ, মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান, ব্যবস্থাপক (প্রশাসন) মনির হোসেন, ডিএমডি সাফি-উস-সামি আলমগীর ও ব্যবস্থাপক (প্রশাসন ও আইন) আবু হানিফ।

এর আগে তাজরীন ফ‌্যাশনস ও রানা প্লাজা ধসে প্রাণহানির ঘটনার মামলাতেও কারখানা ও ভবন মালিককে আসামি করা হয়েছিল।