রামপালের নীতিনির্ধারকরা কোন বিষয়ে পড়েছেন, প্রশ্ন আনু মুহাম্মদের
পরিবেশ বিশেষজ্ঞ না হয়েও সুন্দরবনে রামপাল বিদ্যুৎকেন্দ্র বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় সমালোচনার জবাবে প্রকল্পটির ‘সিদ্ধান্ত গ্রহণকারীদের’ পড়াশোনা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন অর্থনীতির অধ্যাপক আনু মুহাম্মদ।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির এই সদস্য সচিব বলেন, “যে বিষয়ে পড়াশোনা আমি করেছি, এখন শিক্ষকতা করি, সেই বিষয়ের কথা যদি বলতে হয়, তাহলে এই প্রশ্নও করতে হয়- যারা এ সিদ্ধান্ত নিচ্ছেন তারা কোন বিষয়ে পড়াশোনা করেছেন?”
আনু মুহাম্মদ বলেন, “জ্বালানি উপদেষ্টা নিজে অর্থনীতি বিভাগের মানুষ। প্রধানমন্ত্রীও প্রকৌশলী নন, বিদ্যুৎমন্ত্রীও প্রকৌশলী নন। তারাতো ক্ষতি করার সিদ্ধান্তটা নিতে পারছেন। ক্ষতির বিরোধিতা করার সিদ্ধান্ততো জনগণ, সকল মানুষ নিতে পারে।
“কিন্তু যারা এ বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে আলোচনা ছাড়া আমরা বিরোধিতার সিদ্ধান্ত গ্রহণ করি নাই।”
২৪ থেকে ২৬ নভেম্বর জাতীয় কমিটির ‘চল চল ঢাকা চল’ কর্মসূচি উপলক্ষে সোমবার বিকালে শাহবাগে সমাবেশ ও পদযাত্রার বক্তব্যে এসব কথা বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের এই অধ্যাপক।
আনু মুহাম্মদ বলেন, “রামপাল বিদ্যুৎকেন্দ্রে ক্ষতি হবে কি-না সেটা কেবল ইঞ্জিনিয়ারের পক্ষে জানা সম্ভব না, কতোটা ক্ষতি হবে? তবে ইঞ্জিনিয়ার এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশ। তার সঙ্গে পরিবেশ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, পানি বিশেষজ্ঞ, প্রাণীবৈচিত্র্য নিয়ে কাজ করা ব্যক্তি- সবার কথা শুনতে হবে।”
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ঘোষণা আসার পর থেকে জায়গাটি সুন্দরবনের কাছে হওয়ায় বন ধ্বংসের আশঙ্কায় বিরোধিতায় নামে বাম ধারার কয়েকটি ছাত্রসংগঠনসহ বিভিন্ন মহল, যাদের অগ্রভাগে রয়েছে তেল-গ্যাস কমিটি।
রামপালের বিরোধিতায় বিভিন্ন সভা-সমাবেশে নিয়মিত অংশ নিয়ে বক্তৃতা-বিবৃতিতে সামনের সারিতে দেখা যায় অর্থনীতি বিষয়ের অধ্যাপক আনু মুহাম্মদকে।
রামপাল নিয়ে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বেশ কয়েকজন সাংবাদিক আন্দোলনকারীদের পড়াশুনা নিয়ে প্রশ্ন তোলেন, যাতে মূলত আনু মুহাম্মদের পরিবেশ বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞানের বিষয়ে ইঙ্গিত করা হয়েছে বলে অনেকের ধারণা।
এ বিষয়ে আনু মুহাম্মদ বলেন, “কেবল সরকার, কোম্পানিসহ বিভিন্ন মহল থেকে জাতীয় কমিটির বিরুদ্ধে নানা রকম কথা বলা হয়, বলা হয় আমাদের সঙ্গে বিশেষজ্ঞ নাই, আমাকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, আমি ইঞ্জিনিয়ার না এ সমস্ত বলা হচ্ছে।”
চীন, জার্মানি, ভারতের স্বাধীন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে জাতীয় কমিটি আন্দোলনে নেমেছে বলেও উল্লেখ করেন আনু মুহাম্মদ।
তিনি দাবি করেন, বিদ্যুকেন্দ্রে অর্থ লগ্নিকারী ও নির্মাতা চার প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তি, ‘ভাড়াটে’ বিশেষজ্ঞ এবং জমি দখলকারী প্রভাবশালীরা ছাড়া সবাই এর সুন্দরবন বিনাশী বিদ্যুৎকেন্দ্রের বিপক্ষে আছে। কেবল তারাই বলছে, এটা সুন্দরবনের কোনো ক্ষতি করবে না।
সুন্দরবনের জায়গায় রামপাল বিদ্যুৎকেন্দ্র হলে কেবল প্রাকৃতিক ক্ষতিতে চার কোটি মানুষের জীবন বিপর্যস্ত হয়ে যাবে দাবি করে আনু মুহাম্মদ বলেন, “সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র হওয়া মানে কমপক্ষে ৪ কোটি মানুষের মৃত্যু পরোয়ানা লেখা।”
তিনি বলেন, “সে রকম একটা বিষয় আমরা বিগত পাঁচ বছর ধরে বলে আসছি। প্রথম আন্দোলন শুরুর সময় বন অধিদপ্তর ও পরিবেশ মন্ত্রণালয় থেকেও আপত্তি তোলা হয়েছিল।”
দ্রুততম সময়ে সুন্দরবনে বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবি জানিয়ে আনু মুহাম্মদ বলেন, “বিদ্যুৎকেন্দ্র বাতিল আপনাদের করতেই হবে। সুন্দরবিনাশী এই বিদ্যুৎকেন্দ্র, না বাংলাদেশের মানুষ মানবে, না ভারতের মানুষ মানবে..না সারা দুনিয়ার মানুষ মানবে।
“শেষ পর্যন্ত আপনাদের এটা বাতিল করতেই হবে। সুতরাং যত কালক্ষেপণ করেন ততোই ক্ষতি হবে সুন্দরবনের, ক্ষতি হবে বাংলাদেশের, সরকারের নিজেরও ক্ষতি হবে।”
সমাবেশ শেষে বের করা পদযাত্রা থেকে প্রচারণার লিফলেট বিলি করেন জাতীয় কমিটির নেতাকর্মীরা।
