২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল প‌্যারাসিটামল: রীড ফার্মার মামলার রায় ২৮ নভেম্বর

ভেজাল প্যারাসিটামল পানে শিশু মৃত্যুর ঘটনায় সাত বছর আগে রীড ফার্মাসিউটিক‌্যালসের বিরুদ্ধে করা মামলার রায় হবে আগামী ২৮ নভেম্বর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার ঢাকার ঔষধ আদালতের বিচারক আতোয়ার রহমান দুই পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আলোচিত এ মামলার রায়ের দিন ঠিক করেন।

মামলায় রীড ফার্মাসিটিউক্যালসের মালিকসহ পাঁচজন আসামি। এই কোম্পানিটির ওষুধ মানম্পন্ন নয় বলে বাজার থেকে তুলে নিতে সম্প্রতি সর্বোচ্চ আদালতের নির্দেশও আসে।

২০০৯ সালের জুন থেকে অগাস্ট পর্যন্ত রীড ফার্মার প্যারাসিটামল সিরাপ পানে সারাদেশে ২৮ শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর ১০ অগাস্ট ঢাকার ঔষধ আদালতে মামলা হয়।

রীড ফার্মার মালিক মিজানুর রহমানের সঙ্গে আসামি করা হয় তার স্ত্রী কোম্পানির পরিচালক শিউলি রহমান, পরিচালক আব্দুল গনি, ফার্মাসিস্ট মাহবুবুল ইসলাম ও এনামুল হককে।

তৎকালীন ড্রাগ সুপার শফিকুল ইসলাম মামলা করার পর সেদিনই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

তখন ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন স্থানে রীড ফার্মার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়।

মিজানুর রহমান ওই বছরের ১২ অক্টোবর আত্মসমর্পণ করলে ঢাকার তৎকালীন জজ এ এন এম বশিরউল্লাহ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

শিউলি হাই কোর্ট জামিন পান। অন‌্য তিন আসামি পলাতক।

আলোচিত এ মামলার বিচারকালে বাদী ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসক অধ্যাপক এ আর খান, একই হাসপাতালের উপ-পরিচালক এইচ এস কে আলম, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মো. আলতাফ হোসেন, একই অধিদপ্তরের ড্রাগ টেস্টিং ল্যাবের সহকারী বিশ্লেষক মো. আবু বকর সিদ্দিক রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালতের পেশকার রফিকুল ইসলাম।

এর আগে ভেজাল প্যারাসিটামল তৈরির দায়ে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডফ্লেম ফার্মাসিউটিক্যালসের অন্যতম মালিক, ব্যবস্থাপকসহ তিনজনকে ১০ বছর কারাদণ্ড দেয় এই আদালত।

একই আদালত ভেজাল প্যারাসিটামল সিরাপ পানে ১৯৯২ সালে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় ঔষধ আইনে করা আরেকটি মামলায় বিসিআই ফার্মার ছয় কর্তাব্যক্তিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়।

পুরনো খবর:

৩৪ কোম্পানির ওষুধ প্রত্যাহারের নির্দেশ