২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের’ ৫ জন রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য অভিযোগে রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে তিনদিন আগে গ্রেপ্তার পাঁচ ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিন করে হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 10:58 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী শনিবার তাদেরকে রিমান্ডের এ আদেশ দেন বলে জানান পুলিশের প্রসিকিউশন বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিরাশ উদ্দিন।

রিমান্ড পাওয়া পাঁচজন হলেন- মাওলানা আব্দুল হাকিম ফরিদী ওরফে সুফিয়ান (৪০), রাজীবুল ইসলাম ওরফে রাজীব ওরফে আহমেদ (২৯), গাজী কামরুস সালাম সোহান ওরফে আবু আব্দুল্লাহ (২৭), মো. সোহেল রানা ওরফে খাদেম ওরফে মোয়াজ্জিন ওরফে সোহেল ওরফে শহীদুল্লাহ (২৩) ও শেখ মো. আবু সালেহ ওরফে লিটন ওরফে হুরাইয়া (৪২)।

বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই পাঁচজনকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।

ওইদিন রাত সোয়া ৮টায় বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা থেকে প্রথমে মাওলানা হাকিম ও রাজীবুলকে গ্রেপ্তার করে র‌্যাব-২। তাদের দেওয়া তথ্যে রাত সাড়ে ১২টায় আদাবরের মোহাম্মদিয়া ক্যাফে থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের ভাষ‌্য, এই পাঁচজন জেএমবির ‘সারোয়ার জাহান- তামিম চৌধুরী গ্রুপের’ সদস‌্য এবং তাদের মধ‌্যে সংগঠনের অর্থ সমন্বয়কারী, বিস্ফোরক বিশেষজ্ঞ ও জঙ্গি প্রশিক্ষক রয়েছেন।

তাদের বিরুদ্ধে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের এক মামলায় আসামিদের ১০ দিন করে রিমান্ড চান তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই শেখ জহিরুল ইসলাম মুন্না।

রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সরকারকে উৎখাতের উদ্দেশে অপরাধ সংঘটনের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে নিজেদের সংগঠনকে সুগঠিত ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল।

শনিবারের শুনানিতে আসামিপক্ষের পক্ষে রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন তাদের আইনজীবী কামাল হোসেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন নাকচ করে ছয়দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

পুরনো খবর:

‘জেএমবির সরওয়ার-তামিম গ্রুপের’ ৫ জন গ্রেপ্তার