২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনআস্থা অর্জন করতে হবে: চিকিৎসকদের প্রধানমন্ত্রী

দেশের চিকিৎসা ব‌্যবস্থার প্রতি মানুষের আস্থা তৈরির লক্ষ‌্যে কাজ করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 08:52 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

সেবার মনোভাব নিয়ে আর্ত-পীড়িতের পাশে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

ঢাকার একটি হোটেলে শনিবার অ্যাসোসিয়েশন অফ থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অফ এশিয়ার ২৬তম বার্ষিক কনফারেন্সের উদ্বোধন অনুষ্ঠানে এ আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান ব্রত।

“আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে।”

চিকিৎসকদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, “আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন, আর্ত-পীড়িতদের সেবাদানের সামর্থ্য অর্জন করেছেন।

“আমি মনে করি জনগণকে শুধু চিকিৎসা দিলেই চলবে না, আমাদের চিকিৎসাসেবার উপর মানুষের আস্থা তৈরি করতে হবে। যাতে মানুষ চিকিৎসার জন্য বিদেশমুখী না হয়।”

চিকিৎসকদের উচ্চ শিক্ষার সুযোগ তৈরিতে সরকারি উদ‌্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “একের পর এক বিশেষায়িত হাসপাতাল করে দিচ্ছি। আপনারা এসব সুবিধা কাজে লাগিয়ে জ্ঞান অর্জন করেন, রোগীদের সর্বোত্তম সেবা দেন- এটাই আমার প্রত্যাশা।”

হোটেল রেডিসন ব্লুতে বিকালে এই অনুষ্ঠানে বক্তব‌্যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “আগে সংক্রামক ব্যাধিতে বেশি মানুষ মারা যেত। বর্তমানে অসংক্রামক রোগে বেশি লোক মারা যাচ্ছে।

“এরমধ্যে হৃদরোগই সবচেয়ে মারাত্মক ঘাতক ব্যাধি হিসেবে দেখা দিয়েছে।”

হৃদরোগীর সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে এই সম্মেলন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

বাংলাদেশ গত তিন দশকে হৃদরোগের চিকিৎসায় ‘অভূতপূর্ব সাফল্য’ অর্জন করেছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।

এই বক্তব‌্যের পক্ষে পরিসংখ‌্যান তুলে ধরে তিনি বলেন, ১৯৮১ সালে বাংলাদেশে প্রথম ‘ওপেন হার্ট’ সার্জারি হয়। ১৯৯৭ সালে যেখানে দেশে ৫০০-এর কাছাকাছি অপারেশন হত, সেখানে ২০১৫ সালে সারা দেশে ২২টি হাসপাতালে ১০ হাজারের মত অপারেশন হয়েছে।

“এর থেকে প্রমাণিত হয় যে আমাদের দক্ষতা ও সেবার মান অনেক বেড়েছে। আগে যে হারে মানুষ বিদেশে যেতেন চিকিৎসার জন্য, এখন তা অনেক কমে গিয়েছে।” 

তবে শুধু চিকিৎসা সুবিধা বাড়িয়ে হৃদরোগে মৃত্যুহার কমানো যাবে না বলে সতর্ক করে শেখ হাসিনা বলেন, “কেন এত বেশি মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছে, কীভাবে হৃদরোগ থেকে মুক্ত থাকা যায়-এসব বিষয়ে গবেষণা হওয়া প্রয়োজন।”

স্বাস্থ্যখাতের উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, সারা দেশে প্রায় ১৬ হাজার ৪৩৮টি কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চালু করা হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে প্রায় ৩০ ধরনের ‍ওষুধ দেওয়া হচ্ছে।

গত সাড়ে সাত বছরে দেশে নতুন ১৬টি সরকারি ও পাঁচটি আর্মি মেডিকেল কলেজে শিক্ষা কার্যক্রম চালু হয়েছে। সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১০ হাজার ৬৬২টি নতুন শয্যা যুক্ত হয়েছে।

চিকিৎসা শিক্ষার বিভিন্ন স্তরে মোট ১২ হাজার ৮০৪টি আসন বাড়ানো হয়েছে। গত সাড়ে সাত বছরে সরকারি হাসপাতাল ও স্বাস্থ‌্য সেবাকেন্দ্রগুলোতে ১২ হাজার ৭২৮ জন সহকারী সার্জন এবং ১১৮ জন ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হয়েছে।

বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন শ্রেণির সর্বমোট তিন হাজার ৭১টি পদে জনবল নিয়োগ দেওয়া হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় বিভিন্ন পর্যায়ে চার হাজার ৮৫৮ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

২০১৪ সালে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে পোলিওমুক্তি সনদ লাভ করে।

ব্ল্যাড ক্যান্সার ও থ্যালাসেমিয়া চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‘বোনম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট’ স্থাপনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে গাজীপুরে আড়াইশ শয্যার শেখ ফজিলাতুন নেছা মুজিব মেমোরিয়াল হাসপাতাল এবং নার্সিং কলেজ প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

হৃদরোগ বিশেষজ্ঞ অসিত বরণ অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

অন‌্যদের মধ‌্যে অ্যাসোসিয়েশন অফ থোরাসিক অ্যান্ড কার্ডিওভাসকুলার সার্জনস অফ এশিয়ার প্রেসিডেন্ট জেরারডো এস মানজো এবং মহাসচিব অধ্যাপক কামরুল হাসান বক্তব‌্য দেন।