২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালীয় শিল্পী তারশিতোর একক প্রদর্শনী শুরু ঢাকায়

বাংলার কারুশিল্পের সঙ্গে ইতালীয় শিল্পকর্মের মিশেলে করা কাজ নিয়ে শিল্পী নিকোলাই স্ট্রিপলির একক প্রদর্শনী শুরু হয়েছে ঢাকায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 07:33 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

শনিবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে ‘সোল টু সোল: এ ভয়েজ অব ডিসকভারি থ্রু দ্যা থ্রেডস অফ বেঙ্গলি এমব্রয়ডারি’ শিরোনামে এ প্রদর্শনীর উদ্বোধন হয়।

উপমহাদেশসহ দেশে দেশে তারশিতো হিসেবে পরিচিত ইতালীয় স্থপতি অধ্যাপক স্ট্রিপলির সাদাকালো এক ছাপচিত্রে ফুটে উঠেছে ভৌগোলিক বাঁধাবিহীন নতুন এক পৃথিবীর ছবি, যার পাশে ভূ গোলকের গতির বুনন হয়েছে বাঙালি কারুশিল্পীদের সুঁইয়ের ফোঁড়ে।

‘নিউ ওয়ার্ল্ড নিউ প্যারাডাইস’ নামের এই শিল্পকর্মে সুঁইয়ের ফোঁড়ের পাশেই লেখা শিল্পীর মনের বিভিন্ন প্রশ্ন আর প্রত্যাশার কথা-

Image
প্রদর্শনী দেখছেন অতিথিরা

প্রদর্শনী দেখছেন অতিথিরা

“আমি বুঝি না পৃথিবীতে কেন এত জাতিগত বাঁধা থাকতে হবে? আসলে এই পৃথিবীটা আমাদের, আমাদের একটাই জাতীয়তা- আমরা মানুষ। মানুষ পৃথিবীকে ভাগ করেছে, তারাই পারে একসাথে হয়ে পৃথিবীকে স্বর্গে পরিণত করতে।”

উদ্বোধনীতে আসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রদর্শনীতে ইতালির চিত্রশিল্পের সঙ্গে বাংলাদেশের কারুশিল্পের সমন্বয় দেখে ভালো লাগার কথা জানান।

তিনি বলেন, “ইতালি আর বাংলাদেশের সংস্কৃতির এই যে এক সম্প্রীতি প্রদর্শনীর ব্যবস্থা করেছেন তারশিতো, তাতে খুব ভালো লাগছে।

“বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের কারুশিল্পীদের শিল্পবোধকে উপলব্ধি করে তারশিতো যে নতুন ধারার শিল্প তৈরি করেছেন, সেটি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। এই কাজ সবাইকে মুগ্ধ করবে বলে আমার বিশ্বাস।”

প্রদর্শনীর শিল্পকর্মগুলোতে গ্রামীণ কারুশিল্পীদের সুঁই সুতার একক কর্মকে কাজে লাগিয়ে ফিউশন করেছেন তারশিতো।

Image
প্রদর্শনীর উদ্বোধন করছেন মুহিতসহ অন্যরা

প্রদর্শনীর উদ্বোধন করছেন মুহিতসহ অন্যরা

‘পিলগ্রিমেজ’, ‘নিউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ার্ল্ড’ শিল্পকর্মগুলোতে সম্পূর্ণ নতুন এক পৃথিবীর পরিচয় দিতে চেয়েছেন তিনি। আর পৃথিবীর ম্যাপের মাঝে কারুশিল্পীদের করা রঙিন সুতার কাঁথা ফোঁড়। প্রতিটি শিল্পকর্মই বলছে শান্তিময়- সম্প্রীতির পৃথিবীর কথা।

উদ্বোধনীতে ভাঙা ভাঙা ইংরেজিতে তারশিতো বলেন, “ভালোবাসা, সম্প্রীতি আর মানবতাবোধ আমার কর্মের মূল কথা। বাংলাদেশ সরকারকে ধন্যবাদ ইতালির চিন্তাকে এ দেশের কারুশিল্পের সাথে মিশিয়ে দিতে সাহায্য করার জন্য।”

১২ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী পর্বে গ্যালারির একটি দেয়ালে কিছু ফিতা ঝোলানোর ব্যবস্থা করা হয়।

শিল্পী তারশিতো সুঁই সুতার বুননে নিজের পছন্দের বিভিন্ন উক্তি লেখা কিছু ফিতা নিজের সঙ্গে রেখে উপস্থিত অতিথিদের অনুরোধ করেন, তার কাছ থেকে ফিতা নিয়ে উক্তিটি জোরে পাঠ করে দেয়ালে ঝুলিয়ে দিতে।

অর্থমন্ত্রী পাঠ করেন, ‘এ রেয়ার অ্যান্ড ওয়ান্ডারাস থিং ইজ অ্যা সোল ডিটাচড ফ্রম দ্যা ওয়ার্ল্ড, সিকিং গড।’

Image
উদ্বোধনীর আলোচনা পর্ব বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী মুহিত

উদ্বোধনীর আলোচনা পর্ব বক্তব্য রাখছেন অর্থমন্ত্রী মুহিত

বাংলাদেশ জাতীয় জাদুঘর বোর্ড অফ ট্রাস্টিজের সভাপতি শিল্পী হাশেম খান প্রদর্শনীর উদ্বোধনীতে সভাপতিত্ব করেন।

তিনি বলেন, “আজকের এই প্রদর্শনী নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখাকে অতিক্রম করেছে, বাংলাদেশ ইতালির শিল্পবোধকে সমন্বয় করতে পেরেছে।”

অতিথি হিসেবে উপস্থিত ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা বলেন, “এই প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের মানুষ একজন ইতালীয় শিল্পীকে গভীরভাবে জানার সুযোগ পাবে।”

প্রদর্শনীটি আগামী ৩০ নভেম্বর পর্যন্ত সপ্তাহের বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে শুক্রবার প্রদর্শনী দেখা যাবে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত।