লালবাগে দুর্ঘটনায় কিশোর নিহত
রাজধানীর লালবাগে সড়ক দুর্ঘটনায় এক কিশোর মারা গেছেন।
নিহত মো. শুভ (১৫) নিউ মার্কেটের একটি কাপড়ের দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
শুক্রবার রাত ১১টার দিকে লালবাগের গোরাশহীদ মাজারের কাছে ওই দুর্ঘটনার গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
শুভর স্বজনদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “গোরাশহীদ মাজারের কাছেই শুভ থাকতেন। মোটর সাইকেলে দুর্ঘটনায় শুভ নিহত হয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা।”
কিন্তু কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়ে আত্মীয়-স্বজনরা কেউ কিছু জানাতে পারেন নি বলে জানান এসআই বাচ্চু।
