অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়ন বিষয়ে পুলিশ কর্মকর্তা প্রশিক্ষণ
অপরাধের মাত্রা ও পরিধি ক্রমাগত বাড়ার পাশাপাশি প্রযুক্তির বিকাশ ও প্রসারের কারণে সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের উৎসের সন্ধান জানা পুলিশের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশে ‘মানি লন্ডারিং ও টেররিস্ট ফাইনান্সিং’ কোর্সের সনদপত্র বিতরণের এক অনুষ্ঠানে তিনি বলেন, “এ বাস্তবতা ও চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ কর্মকর্তাদের আরও জ্ঞানসমৃদ্ধ, দক্ষ, প্রশিক্ষিত ও সেবা প্রদানে তৎপর হতে হবে।”
পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে এই সনদ বিতরণী অনুষ্ঠান হয়।
এর আগে সপ্তাহব্যাপী হওয়া ‘মানি লন্ডারিং ও টেররিস্ট ফাইনান্সিং’ প্রশিক্ষণ কোর্সে ২৫ পুলিশ কর্মকর্তা অংশ নেন।
পরে বিকালে একই সম্মেলন কক্ষে ‘লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্স ফর সিনিয়র পুলিশ এক্সিকিউটিভ’র সমাপনী অনুষ্ঠানেও বক্তব্য রাখেন পুলিশ প্রধান।
“পেশাদারিত্বের সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করে অপরাধ দমন করতে হবে।”
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এর রেক্টর এম সাদিকুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে ভাইস রেক্টর ইব্রাহিম ফাতেমী, কলেজের অনুষদের সদস্য এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ডিআইজি এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ১৯ জন কর্মকর্তা অংশ নেন।
