দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
জলবায়ু সম্মেলনে যোগ দিয়ে মরক্কো থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে মরক্কোর স্থানীয় সময় বুধবার বিকাল সোয়া ৩টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ৯টা) মারাকেশের মিনারা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি।
বিশ্ব জলবায়ু সম্মেলনের (কপ ২২) উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে সোমবার মারাকেশ পৌঁছান শেখ হাসিনা।
মঙ্গলবার ৮০টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধানদের সঙ্গে সম্মেলনের উচ্চ পর্যায়ের সেগমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পর রাতে ভাষণ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) পানি নিয়ে যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে তহবিল গঠনের প্রস্তাব করেন তিনি।
গত বছর প্যারিসে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনের যে চুক্তি হয়েছিল তা বাস্তবায়নে এই সম্মেলনে একটি রূপরেখা তৈরি এবং তার বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।
ঐতিহাসিক প্যারিস চুক্তির পর এটাই প্রথম জলবায়ু সম্মেলন। প্যারিস চুক্তিতে প্রথমেই যে কয়টি দেশ অনুস্বাক্ষর করেছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের অন্যতম শিকার বাংলাদেশ। বিশ্বে এ বিষয়ক আলোচনা ও দরকষাকষিতেও বাংলাদেশ অন্যতম ভূমিকা পালন করে আসছে।
