২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্যোগে ‘ঘরে গিয়ে ত্রাণ’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার মন্ত্রীর

দুর্যোগের ত্রাণ সুষ্ঠু ভাবে সঠিক মানুষের কাছে পৌঁছে দিতে সরকার ‘ঘরে গিয়ে ত্রাণ’ পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2016, 01:14 AM

Updated : 20 Aug 2022, 02:15 PM

মঙ্গলবার রাজধানীর মহাখালী ব্র্যাক সেন্টারে দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম সংক্রান্ত এক কর্মশালায় তিনি বলেন, “ঘরে ঘরে রিলিফ পৌঁছানোর ব্যবস্থা করার চিন্তা করছি, আমরা মানুষের ঘরে যেতে চাই।”

বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে স্থায়ী ও কার্যকর করার লক্ষ্যে ‘কমিউনিটি রেজিলিয়েন্স এ হলিস্টিক এপ্রোচ’ শীর্ষক এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার (বিডিপিসি)।

কর্মশালায় দেশের পাঁচটি জেলার ইউনিয়ন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং জেলার জনপ্রতিনিধিদের সমস্যা ও প্রশ্নের জবাব দেন এই নীতিনির্ধাকররা।

এতে বিভিন্ন বিদেশি সাহায্য সংস্থার ও সরকারি সাহায্য সুষ্ঠুভাবে আক্রান্তদের কাছে পৌঁছানোর আশ্বাস দিয়ে দুর্যোগকালীন, পূর্ববর্তী ও পরবর্তী সময়ে তা মোকাবেলা করতে সব ধরনের পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টার কথা জানান ত্রাণ মন্ত্রী মায়া।

তিনি বলেন, “এবারের বন্যার ১৫ দিন আগেই আমাদের কাছে সংবাদ এসেছে এবং আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি।”

দুর্যোগ ঘটার পাঁচদিন আগেই আগাম সতর্ক সংকেত দেওয়া হচ্ছে জানিয়ে ভূমিকম্প ও বজ্রপাত ছাড়া অন্য যে কোনো দুর্যোগ বাংলাদেশ মোকাবেলা করতে সক্ষম বলে দাবি করেন মোফাজ্জল হোসেন মায়া।

তিনি বলেন, “দুর্যোগ মোকাবেলা করে এরই মধ্যে বাংলাদেশ বিশ্বে প্রশংসিত হয়েছে। আগে বিদেশি সাহায্যের জন্যে আমরা বসে থাকতাম, এখন বাংলাদেশ বিদেশে সাহায্য পাঠাচ্ছে।”

নেপালের ভূমিকম্পে বাংলাদেশ থেকে ২০ হাজার টন খাদ্য পাঠানো হয়েছে বলে জানান ত্রাণ মন্ত্রী।

কর্মশালায় শুধুমাত্র রিলিফ বা ত্রাণ দিয়ে দুর্যোগ মোকাবেলা না করে গ্রামীণ জনমানুষের ‘স্থিতিস্থাপকতা’ বাড়িয়ে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নেওয়ার কথা বলেন নীতিনির্ধারকরা।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজা আহমেদ বলেন, “রিলিফের দেওয়ার মাধ্যমে দুর্যোগ মোকাবেলা সম্ভব নয়, আগে ভিত্তি শক্ত করতে হবে। আগামী দুই মাসের মধ্যেই আমরা ‘রেজিলিয়েন্স প্রজেক্ট’ হাতে নিতে যাচ্ছি। রিলিফ নির্ভর ব্যবস্থা থেকে আমরা সরে আসার চেষ্টা করছি।”

বিডিপিসি-এর পরিচালক মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অতিথি হিসেবে ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জি ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মত্রণালয়ের অত্তিরিক্ত সচিব সত্যব্রত সাহা, ইউএনডিপি-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড এবং ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি ডর্টে বোসে উপস্থিত ছিলেন।