গুলশানে বাসার আগুনে দগ্ধ গৃহকর্মীদের একজনের মৃত্যু
ঢাকার গুলশানের এক বাসায় আগুন লেগে দগ্ধ তিন গৃহকর্মীর একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত ১১টার দিকে ওই গৃহকর্মীর মৃত্য হয়।
নিহত শরিফা আক্তারের (১৮) শরীরের ৯০ শতাংশ পুড়ে গিয়েছিল বলে এর আগে জানিয়েছিলেন চিকিৎসকরা।
সোমবার ভোরে গুলশান দুই নম্বর সেকশনের ৭৩ নম্বর রোডে নাভানা টাওয়ারের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নেভায়।
তবে এর আগেই শরিফা ছাড়াও পারভিন বেগম (৩৮) ও বেদানা আক্তার (২০) নামে আরও দুই গৃহকর্মী দগ্ধ হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর শরিফা ও বেদানার শরীরের ৯০ শতাংশ এবং পারভিনের ২০ শতাংশ পুড়ে যাওয়ার কথা জানিয়েছিলেন বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল।
গুলশান থানার পরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছিলেন, ওই ফ্ল্যাটের যে কক্ষে আগুন লাগে সেখান বাসাটির এই তিন গৃহকর্মী ছিলেন।
আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রান্নাঘরের গ্যাসের পাইপ ছিদ্র হয়ে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা।
