২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরিফুলের জামিন আটকাতে চেম্বার আদালতের সাড়া পায়নি রাষ্ট্রপক্ষ

আওয়ামী লীগ নেতা শাহ এ এম এস কিবরিয়া হত্যার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় সিলেট সিটি কর্পোরেশনের বরখাস্ত মেয়র আরিফুল হক চৌধুরীকে দেওয়া হাই কোর্টের জামিন আটকাতে চেম্বার আদালতে গিয়েও সাড়া পায়নি রাষ্ট্রপক্ষ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2016, 07:03 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন রাষ্ট্রপক্ষের জামিন স্থগিত চেয়ে করা আবেদনে সোমবার ‘নো অর্ডার’ দেন।

এর আগে কিবরিয়াকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গত ৮ সেপ্টেম্বর বিএনপি নেতা আরিফুল হকের জামিন বহাল রাখে প্রধান বিচারপতি এস কে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ।

বিস্ফোরক আইনের মামলায় চেম্বার বিচারপতি ‘নো অর্ডার’ দেওয়ায় তার জামিন বহাল রয়েছে এবং মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আরিফুল হকের আইনজীবী আব্দুল হালিম কাফী।

এদিন চেম্বার আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি খন্দকার দিলিরুজ্জামান; আরিফুলের পক্ষে আইনজীবী আব্দুল হালিম কাফী ছাড়াও শুনানি করেন ব্যারিস্টার মইনুল হোসেন।

পরে আইনজীবী কাফী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হত্যা মামলায় তার (আরিফুল) আগেই জামিন হয়েছিল। বিস্ফোরক আইনেও গতকাল (রোবার) তার জামিন দিয়েছিলেন হাই কোর্ট। আজ সেটির স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। আদালত ‘নো অর্ডার’ দিয়েছেন। ফলে তার মুক্তিতে আর কোনো বাধা নেই।”

আগের দিন বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাই কোর্ট বেঞ্চ বিস্ফোরক আইনের মামলায় আরিফুল হককে জামিন দেয়।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যেরবাজারে ঈদ পরবর্তী এক জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলার শিকার হন সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া। ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার দিন মধ্যরাতের পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান।

প্রথমে সিআইডির এএসপি মুন্সি আতিকুর রহমান মামলাটি তদন্ত করে ১০ জনের বিরুদ্ধে ওই বছরের ২০ মার্চ অভিযোগপত্র দাখিল করেন।

এরপর সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে আদালতের নির্দেশে সিআইডি’র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম এ মামলার অধিকতর তদন্ত করে ২০১১ সালের ২০ জুন আরও ১৪ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করেন। আগের আসামিদেরও এতে রাখা হয়।

কিন্তু ২০১১ সালের ২৮ জুন কিবরিয়ার স্ত্রী আসমা কিবরিয়া অভিযোগপত্রের ওপর হবিগঞ্জের বিচারিক আদালতে নারাজি আবেদন করেন। ২০১২ সালের ৫ জানুয়ারি নারাজি আবেদন গ্রহণ করে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনাল অধিকতর তদন্তের নির্দেশ দেন।

এ আদেশের প্রেক্ষাপটে সিআইডি’র এএসপি মেহেরুন নেছা ২০১৪ সালের ১০ ডিসেম্বর সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম যোগ করে কিবরিয়া হত্যা মামলার সংশোধিত সম্পূরক অভিযোগপত্র জমা দেন। নতুন আসামিদের নিয়ে এ মামলায় আসামির সংখ্যা দাঁড়ায় ৩৫ জনে।

এরপর ২০১৪ সালের ২১ ডিসেম্বর ওই ১১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আদালত। এ পরোয়ানা জারির পর ৩০ ডিসেম্বর আরিফুল হক চৌধুরী আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।

এর মধ্যে মাকে দেখতে একবার তিনি ১৫ দিনের জন্য জামিন পেয়েছেন।

পুরনো খবর:

কিবরিয়া হত্যা: বিস্ফোরক মামলায়ও আরিফুলের জামিন
কিবরিয়া হত‌্যা: আরিফুলের জামিন বহাল