মারধরের পর এক রিকশাচালকের মৃত্যু, আরেকজন গ্রেপ্তার
পাওনা টাকা না পেয়ে এক রিকশাচালককে মারধরের পর তার মৃত্যুর ঘটনায় আরেক রিকশাচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নুরুজ্জামান কামরাঙ্গীরচরের মমিনবাগ ৮ নম্বর গলি এলাকায় থাকেন।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) শাকের মোহাম্মদ যুবায়ের জানান, আগের দিন রাতে তার মারধরে আহত ওই এলাকার আরেক রিকশাচালক নবী হোসেন (৩২) সোমবার সকালে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নবীর স্ত্রী রেনু আক্তার বাদি হয়ে নুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।”
পুলিশ কর্মকর্তা যুবায়ের জানান, নবী হোসেনের কাছে ৮০০ টাকা পেতেন নুরুজ্জামান। রোববার রাত ১১টার দিকে মমিনবাগ ৮ নম্বর গলিতে পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিতণ্ডা হয়।
“নুরুজ্জামানের কিল ও ঘুষিতে নবী হোসেন আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার ভাড়া বাসায় নিয়ে যাওয়া হয়।ভোরে নবীর অবস্থার অবনতি ঘটে।”
নবী হোসেনকে স্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
