২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে আইনজীবীদের অংশগ্রহণ বাড়াতে হবে: রাষ্ট্রপতি

আইনসভা জাতীয় সংসদে আইনজীবীদের সংখ্যা বাড়াতে এ পেশায় জড়িতদের দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 01:51 PM

Updated : 20 Aug 2022, 02:13 PM

রোববার টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির ১২৫ বছরপূর্তি অনুষ্ঠানে পেশায় আইনজীবী আবদুল হামিদ বলেন, “মহান জাতীয় সংসদ হচ্ছে আইন প্রণয়নের কেন্দ্রবিন্দু। ১৯৭০ ও ’৭৩ এর নির্বাচনে দুই-তৃতীয়াংশের অধিক সংসদ সদস্য ছিল আইনজীবী।

“কিন্তু বর্তমানে এ সংখ্যা ক্রমেই কমে আসছে। এই বিষয়টি নিয়েও আপনাদেরকে ভাবতে হবে, যাতে আইনজীবীদের অতীতের এ ধারা ফিরিয়ে আনা যায়।”

অনুষ্ঠানে যোগ দিতে সকালে হেলিকপ্টারে করে টাঙ্গাইল যান আবদুল হামিদ।

জাতীয় সংসদে ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব ক্রমাগতভাবে বেড়ে ৫৭ শতাংশে দাঁড়ানোর তথ্যটি কয়েক বছর আগে টিআইবির এক গবেষণায় উঠে আসে।

প্রথম সংসদে এই হার ছিল ১৭ দশমিক ৫ ভাগ। আইনজীবী আবদুল হামিদ ওই সংসদে ছিলেন। ওই সংসদে আইনজীবীদের শতকরা হার বেশি থাকলেও তা কমে নবম সংসদে ১৪ শতাংশে পৌঁছায়।

স্বাধীনতার পর অংশ নেওয়া প্রতিটি সংসদে কিশোরগঞ্জের ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম থেকে প্রতিনিধিত্বকারী আবদুল হামিদ স্পিকারের দায়িত্ব সামলে বঙ্গভবনের বাসিন্দা হয়েছেন।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, “আমি নিজেও একজন আইনজীবী। তাই আপনাদের পেশাগত সুবিধা-অসুবিধা সম্পর্কে অনেকটাই আমার জানা। আমি আশা করি আপনারা যাতে সচ্ছন্দে আপনাদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

বিচার প্রক্রিয়ায় আইনজীবীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, “দেশের নাগরিকগণ যাতে ধনী গরীব নির্বিশেষে আইনের সমান অধিকার পেতে পারে সে লক্ষ্যে আইনজীবীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”

মামলার দীর্ঘসূত্রতা কমাতে বিচার বিভাগ, আইনজীবী ও পুলিশ প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান রাষ্ট্রপতি।

বারের সদস্যদের প্রতি আবদুল হামিদ বলেন, “একজন আইনজীবী হিসেবে আমি বারের সদস্যদের একটা অনুরোধ করতে চাই, আর তা হলো আপনারা প্রত্যেক বছরে অন্তত একজন অসচ্ছল ও অসহায় বিচার প্রার্থীর মামলা বিনা পারিশ্রমিকে নিষ্পত্তি করবেন। দেখবেন এর ফলে সমাজের চেহারা পাল্টে যাবে। সাধারণ মানুষ আইনের প্রতি আরো বেশী শ্রদ্ধাশীল হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল বারের সভাপতি মো. মুলতান উদ্দিন।অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আব্দুর রাজ্জাক, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির জোয়াহেরুল ইসলাম এবং জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো. মহসীন সিকদার।

এর আগে রাষ্ট্রপতি সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মজলুম জননতো মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে যোগ দিয়ে বিকালে ঢাকা ফিরবেন রাষ্ট্রপতি।

পুরনো খবর:

রাজনীতিতে ব্যবসায়ীদের আধিপত্যে দুঃখ রাষ্ট্রপতির
সংসদে বেড়েছে ব্যবসায়ী, কমেছে আইনজীবী