২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ছিনতাইকারীর মারধরে সাংবাদিক আহত

রাজধানীতে ছিনতাইকারীর হামলায় আহত হয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আদালত প্রতিবেদক প্রকাশ রঞ্জন বিশ্বাস।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2016, 02:39 PM

Updated : 11 Oct 2022, 09:01 PM

বুধবার সকালে কাজলা থেকে গুলিস্তান যেতে একটি মাইক্রোবাসে উঠে যাত্রীবেশী ছিনতাইকারীদের কবলে পড়েন তিনি।

ছিনতাইকারীরা মারধর করে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে বলে জানান ঢাকার আদালতের এই আইনজীবী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন প্রকাশ বিশ্বাস বলেন, “সকাল সাড়ে ৯টার দিকে যখন মাইক্রোবাসে উঠি তখন সেটিতে আগে থেকেই পাঁচজন লোক ছিল।”

এলাকার একজন পরিচিত ব্যক্তিও তার সঙ্গে উঠতে চাইতে ওই পাঁচজন বাধা দেয় বলে জানান তিনি।

“আমি মাইক্রোবাসে ওঠার সঙ্গে সঙ্গে তারা আমার হাত-পা এবং চোখ বেঁধে ফেলে। গাড়ি নিয়ে প্রায় এক ঘণ্টা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির মধ্যেই ভারী কিছু, সম্ভবত হাতুড়ি দিয়ে আমার বাম হাত, বুক ও পায়ে আঘাত করে।

“এরপর বিকাশের মাধ্যমে আমার কাছ থেকে ২০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি মাদ্রাসার উল্টো দিকে রাস্তায় আমাকে ফেলে যায়।”

কিছুক্ষণ পর এক ব্যক্তি তাকে একটি হিউম্যান হলারে উঠিয়ে দিলে চালক তাকে হাসপাতালে পৌঁছে দেন বলে জানান প্রকাশ বিশ্বাস।

চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে কোনো ক্ষত না থাকলেও অভ্যন্তরীণ আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসার পাশাপাশি তাকে এক্স-রে করতে দেওয়া হয়েছে।

সন্ধ‌্যায় প্রকাশ বিশ্বাস যাত্রাবাড়ি থানায় একটি মামলা করেছেন। এতে অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে।  

থানার এসআই আবুল কালাম বলেন, মুক্তিপণ আদায় ও ছিনতাইয়ের অভিযোগে মামলাটি করা হয়েছে।