ঝিনাইদহে আ. লীগ নেতাকে মারধরের বিচার দাবি
ঝিনাইদহের শৈলকূপায় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদ মৃধাকে মারধর ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধাদের সন্তানদের সংগঠন ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’।
মঙ্গলবার রাতে ঢাকার শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শাহীনের পরিচালনায় অনুষ্ঠিত এক জরুরি সভায় মুক্তিযোদ্ধার ওপর এমন ‘ন্যক্কারজনক’ হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।
“যাদের বীরত্বে ও আত্মত্যাগে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি সেসব বীর মুক্তিযোদ্ধাকে এমনভাবে নির্যাতন কোনোভাবেই সহ্য করা হবে না। বীর মুক্তিযোদ্ধা নির্যাতনকারীদের মধ্যে নিশ্চয়ই স্বাধীনতাবিরোধী চক্রের বংশধর রয়েছে, না হয় একজন মুক্তিযোদ্ধাকে এভাবে নির্যাতন করে আহত করতে পারে না,” বলা হয়েছে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মুক্তার আহমেদের উপর হামলার একটি ভিডিও ইন্টারনেটে ‘ভাইরাল’ হয়েছে।
গত ১৮ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে মুক্তারের ওপর ওই হামলায় জড়িতরা জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপি এবং শৈলকূপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সোনা সিকদারের অনুসারী বলে আক্তান্তের ব্যক্তির স্বজনরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
সোনা সিকদার এক সময় জাসদ করতেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদ ও ভিডিও দেখে হামলাকারী ও তাদের ‘গডফাদারকে’ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
“না হয় ওই সব ঘাপটি মেরে থাকা দালালরা ভবিষ্যতে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আরো বড় কোন আঘাত আনতে পারে।”
মুক্তিযোদ্ধা মোক্তার আহমেদের সুচিকিৎসা ও দোষীদের শাস্তি নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
