ডিপিডিসির বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
গ্রাহকদের বিদ্যুতের লোড বাড়ানোর নামে ডিপিডিসি অতিরিক্ত বিল আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে ‘ডিপিডিসি বিদ্যুৎ গ্রাহক স্বার্থরক্ষা পরিষদ’ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার বলেন, ডিপিডিসি শ্যামপুর অঞ্চলের গ্রাহকদের সেপ্টেম্বর মাসের বিদ্যুৎ বিলের দ্বিগুণ টাকা নির্ধারণ করে এককালীন হিসেবে এই টাকা শ্যামপুর ওয়ান ব্যাংকে জমা দিতে বলা হয়।
“উদাহরণ দিয়ে বলা হয়, একটি গ্রাহকের সেপ্টেম্বর মাসে ২ হাজার ২৫০ টাকা বিলের সঙ্গে সমপরিমাণ টাকা লোড হিসেবে যুক্ত করে জমা দিতে হবে। এ বিষয়ে আগে কোনো গ্রাহককে জানানো হয়নি। এ বিষয়ে পিডিসি শ্যামপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানও কোনো সদুত্তর দিতে পারেননি।”
সংবাদ সম্মেলনে গ্রাহকদের কাছ থেকে আদায় করা অর্থ ফেরত দেওয়া, নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসানকে শ্যামপুর শাখা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
দাবি না মানলে আগামী ১৩ নভেম্বর শ্যামপুর ডিপিডিসি কার্যালয় ঘেরাও করা হবে বলে জানান তারা।
এ বিষয়ে ডিপিডিসি শ্যামপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাহকরা না বুঝেই এসব কথা বলছে। যেসব গ্রাহক নির্ধারিত লোডের অতিরিক্ত লোড ব্যবহার করছে, তাদের কাছে এটা পাঠানো হয়েছে। এটা ফেরতযোগ্য জামানতের টাকা।
“নিয়ম হলো আপনি যদি অতিরিক্ত লোড ব্যবহার করেন, তাহলে আমাদের কাছে আবেদন করে অনুমোদন নিয়ে তা ব্যবহার করতে হবে। সে অনুযায়ী তাদের আবেদন করার কথা। ডিপিডিসির সব ডিভিশনেই এটা করা হয়েছে। এটা টপ লেভেলের সিদ্ধান্ত। আমরা শুধু বিল অনুপাতে এটা তৈরি করে পাঠিয়ে দিয়েছি। এখন তারা এটা জমা দিলে স্বয়ংক্রিয়ভাবে অতিরিক্ত লোড ব্যবহারের অনুমোদন হয়ে যাবে।”
কোনো গ্রাহকের আপত্তি থাকলে ডিপিডিসিতে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।
