ফাঁকির ফোকর বন্ধে কঠোরতা চান করদাতারা
উপচেপড়া লাইনে দাঁড়িয়ে কর দিয়ে দেশের উন্নয়নে অংশীদারিত্ব অনুভবের `তৃপ্তি’ যেমন আয়কর দাতাদের মধ্যে রয়েছে, তেমনি কর ফাঁকি দেওয়ার নানা সুযোগ ও প্রবণতায় ক্ষোভও রয়েছে অনেকের মধ্যে।
এজন্য কর ফাঁকির সব পথ বন্ধের পাশাপাশি ফাঁকিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আয়কর মেলায় আসা করদাতাদের অনেকে।
শুক্রবার আগারগাঁওয়ে এনবিআরের নির্মাণাধীন ভবনে আয়োজিত আয়কর মেলার চতুর্থ দিন মেলাপ্রাঙ্গণ ঘুরে এমন মনোভাব পাওয়া গেছে কয়েকজন করদাতার কাছ থেকে।
মেলায় কর দিতে এসে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী এ বিষয়ে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে। কর দেওয়ার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি ফাঁকি কীভাবে রোধ করা যার সে সম্পর্কে নিজের পরিকল্পনাও হাজির করেন তিনি।
চঞ্চল বলেন, “দেশ থেকে আমরা অনেক সেবা নেই। যখন কর দেই, তখন মনে হয় আমিও দেশের প্রতি একটা দায়িত্ব পালন করছি। অনেকেই কর দেয় না বা দিতে চায় না। এটা কেবল দায়িত্ব এড়ানো নয়, এটা অপরাধ।”
যারা কর দিচ্ছেন না তাদের আইনের আওতায় এনে কর দিতে বাধ্য করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির পরামর্শ দেন এই অভিনেতা।
“যারা জেনেও আয়কর দিচ্ছে না তাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিতে হবে। তাদের প্রকৃত আয় কত, কোথা থেকে সেই আয়-এগুলো বিবেচনায় নিতে হবে।”
তিনি বলেন, “রাষ্ট্রের একজন সচেতন নাগরিক হিসাবে প্রত্যেকের উচিৎ আয়কর দেওয়া। কর ফাঁকি দিয়ে তারা বড় ধরনের অন্যায় করছেন। তাদের চেহারা জনগণের চেনা দরকার। আইনগতভাবে তাদের খুঁজে বের করে আয়কর দিতে বাধ্য করা উচিৎ।”
বর্তমান ব্যবস্থায়ই কর ফাঁকি দেওয়ার অনেক সুযোগ রয়েছে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে আসা চঞ্চল চৌধুরী।
এই ফাঁক-ফোকর বন্ধে জাতীয় রাজস্ব বোর্ডকে বিশেষজ্ঞদের সহযোগিতা ও মতামত নেওয়ার পাশাপাশি কর দিতে উপযুক্তদের আলাদা আইডি করে দেওয়ার পরামর্শ দেন তিনি।
কর দিতে জনগণকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে আয়কর মেলা সরকারের একটি ভালো উদ্যোগ বলে মনে করেন চঞ্চল চৌধুরী।
কর ফাঁকিবাজদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার নিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি আহ্বান জানান দ্বীন ইসলাম নামের এক এনজিও কর্মচারী।
ক্ষোভের সঙ্গে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যারা মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছি তারা কর দিচ্ছি, অথচ যারা মাসে লাখ টাকা আয় করছে তারা দিচ্ছে না।”
কর সম্পর্কে সাধারণের মধ্যে ভীতি রয়েছে মন্তব্য করে তা দূর করে জনগণের আরও সচেতন ও অনুপ্রাণিত করার পরামর্শ দেন করদাতাদের অনেকেই।
বোরহান উদ্দিন চৌধুরী নামের এক ব্যাংক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেকে কর শুনলেই ভয় পায়, ভাবে এর আগে কর দেয়নি বলে তাদের জেলে পুরে রাখা হবে। মূলত এই বিষয়ে সচেতনতার অভাবের কারণেই তারা কর দিতে আসছেন না।”
দেশের স্বার্থে সবার কর দেওয়া উচিৎ বলে মন্তব্য করে গোলাম জাকারিয়া নামের আরেক করদাতা কর ফাঁকি বন্ধে এনবিআরকে আরও দায়িত্বশীল ও কঠোর হতে বলেন।
গত মঙ্গলবার থেকে রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহর, জেলা ও উপজেলা শহরে চলছে সপ্তাহব্যাপী আয়কর মেলা।
প্রতিবারের মতো এবারও এই মেলার আয়োজন করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আগে সেপ্টেম্বরে এই মেলা আয়োজন করা হলেও এবার আয়কর দিবস পিছিয়ে যাওয়ায় মেলাও পিছিয়েছে।
