২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৪ ধারার অভিযোগ থেকে দাউদ মার্চেন্টের অব্যাহতি

দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত আবদুর রউফ ওরফে দাউদ মার্চেন্টকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশের একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 11:51 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী বৃহস্পতিবার অব্যাহতির এ আদেশ দেন বলে জানিয়েছেন পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষাপটে বিচারক তাকে ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

দাউদ মার্চেন্ট দুবাইয়ে থাকা ভারতীয় ‘মাফিয়া ডন’ দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী হিসাবে পরিচিত। অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ধরা পড়ে পাঁচ বছর কারাগারে কাটিয়ে ২০১৪ সালের ২৯ নভেম্বর জামিনে মুক্তির পর ওইদিনই ফের ৫৪ ধারায় আটক হন তিনি।

ওই বছরের ৩ ডিসেম্বর ৫৪ ধারায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে তিনজনের রিমান্ডেও পায় পুলিশ।

আইন অনুযায়ী সন্দেভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার আয়ুষ্কাল এক মাস হলেও দাউদ মার্চেন্টের বিরুদ্ধে ৫৪ ধারার অভিযোগ এতদিন কিভাবে টিকে ছিল সে বিষয়ে কিছুই বলতে পারেননি পুলিশের প্রসিকিউশন কর্মকর্তা আনিসুর রহমান।

কাউকে সন্দেহভাজ হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার করা হলে আইন অনুযায়ী তাকে একমাসের মধ্যে কোনো সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখাতে হবে; না দেখালে আসামিকে অব্যাহতি দিতে হয়।

ভারতীয় দাউদ মার্চেন্ট মুম্বাইয়ের সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজের মালিক গুলশান কুমারকে হত্যার দায়ে দেশটিতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামি।

গুলশান কুমারকে ১৯৯৭ সালের ১২ অগাস্ট আন্ধেরি এলাকার একটি মন্দির থেকে বেরিয়ে আসার সময় গুলি চালিয়ে হত্যা করা হয়। এ হত্যা মামলায় সন্দেহভাজন ভাড়াটে খুনি দাউদ মার্চেন্টকে গ্রেপ্তারের পর ২০০২ সালে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ভারতীয় আদালত। তবে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন দাউদ।

কিন্তু ২০০৯ সালে ১৪ দিনের প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে যান তিনি। ওই বছরের ২৮ মে ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া থেকে এক সহযোগীসহ তাকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। এরপর জাল পাসপোর্ট তৈরি ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।

সে সময় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, দাউদ অবৈধভাবে বাংলাদেশে ঢুকে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছিলেন। ভারতের অপরাধ জগতের আলোচিত ডন দাউদ ইব্রাহিম বাংলাদেশে নিজের কর্মকাণ্ড বিস্তারের জন্য দাউদ মার্চেন্টকে এ দেশে পাঠান।

তাকে ভারতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছিল বলে চলতি বছরের জানুয়ারিতে গণমাধ্যমকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ভারতের কারাগারে বন্দি বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের বদলে দাউদকে ফেরত দেওয়া হচ্ছে ওই সময় গুঞ্জন ছিল।

পুরনো খবর:

দাউদ মার্চেন্টকে ‘ফেরত দিচ্ছে’ বাংলাদেশ
দাউদ মার্চেন্ট ৩ দিনের রিমান্ডে