২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদককে শোকজ

সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজুসহ চার নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 09:23 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

অন‌্য তিনজন হলেন- কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাবিব, সহ-সম্পাদক সাজ্জাদ হোসেন ও দপ্তর সম্পাদক গৌতম শীল।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি মুহাম্মদ সামছুল ইসলাম সুমনের সভাপতিত্বে এক জরুরি সভায় তাদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত হয়।

এই চারজনের পদ আগামী সভা পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্তের কথাও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। পাশাপাশি আগামী সাধারণ সভা পর্যন্ত সহ-সম্পাদক আহসান হাবিবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেককে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বলে এতে জানানো হয়।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সভাপতি সুমনের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি কেন্দ্রীয় কার্যালয় থেকে নগদ লক্ষাধিক টাকা, ল‌্যাপটপ ও পোশাক চুরির অভিযোগ করেন সাধারণ সম্পাদক সাজু।

তার জবাবে সুমন বলেন, সাজু ও গৌতমসহ কয়েকজন শরীফ নুরুল আম্বিয়া নেতৃত্বাধীন জাসদের সঙ্গে সম্পর্ক গড়েছেন, যা সংগঠনের শৃঙ্খলাবিরোধী।

কেন্দ্রীয় কমিটির সভায় অন‌্যদের মধ্যে সহ সভাপতি আমিনুল ইসলাম নুর, জ্যোতি বিকাশ সিকদার, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুনমুন, সহ-সম্পাদক আহসান হাবিব, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।

পুরনো খবর:

জাসদ ছাত্রলীগেও বিভক্তির আভাস