২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিকেলে কিশোরী ধর্ষণ: আনসার সদস্যের রিমান্ড

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আনসার বাহিনীর সদস্য আতিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের হেফাজতে পেয়েছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2016, 07:55 PM

Updated : 20 Aug 2022, 02:07 PM

ঢাকা মহানগর হাকিম সাব্বির ইয়াসির মাহমুদ চৌধুরী বৃহস্পতিবার তাকে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ তাকে জিজ্ঞাসবাদের জন্য সাতদিনের হেফাজত চান।

এ সময় আসামির পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতে আদালত পুলিশের কর্মকর্তা এসআই মিজানুর রহমান।

তিনি জানান, শাহবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই তরুণী নিজেই মামলাটি করেন।

দেশের কয়েকটি স্থানে শিশু ও কিশোরী ধর্ষণ নিয়ে ক্ষোভ-বিক্ষোভের মধ‌্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোরী ধর্ষণের ঘটনায় গত বুধবার মামলার পর তা গণমাধ্যমে প্রকাশিত হয়।

গত ২৭ অক্টোবর রাতে হাসপাতালের রেডিওলজি বিভাগের আউটডোরে ধর্ষণের ঘটনাটি ঘটে বলে নির্যাতিতের পরিবার জানায়।

হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বরত বাহিনী আনসারের ছয় সদস‌্য এই ধর্ষণে জড়িত বলে অভিযোগ তাদের। তারা হলেন- এপিসি একরামুল, আনসার সদস্য আনিসুল, আতিকুল, সিরাজ, বাবুল ও মিনহাজ।

এর আগে তরুণীর ভাই হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বোন মানসিকভাবে অসুস্থ। মাঝে-মাঝে ঘর থেকে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে। এবার বেরিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল থেকে ফোন পেয়ে তারা এসে ধর্ষণের ঘটনা শোনেন।

কুমিল্লার হোমনার ওই তরুণী বুধবার শাহবাগ থানায় মামলার পর ঘটনায় জড়িত অভিযোগে ঢাকা মেডিকেলের নিরাপত্তা বাহিনী আনসারের ওই ছয় সদস্যকে প্রত্যাহারের পাশাপাশি বৃহস্পতিবার আরও ১০ জনকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় কর্তৃপক্ষ।

এছাড়া আনসার সদস্য আতিকুলকে গ্রেপ্তারের কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান শাহবাগ থানার ওসি আবু বকর সিদ্দিক।

পুরনো খবর:

ঢাকা মেডিকেলে কিশোরী ধর্ষিত  
ডিএমসি থেকে সরানো হলো আরও ১০ আনসারকে