ধর্মঘটে বন্ধ দোকানপাট, ভোগান্তি
প্যাকেজ ভ্যাট বহাল রাখাসহ কয়েকটি দাবিতে ব্যবসায়ী ঐক্য ফোরামের ডাকা ধর্মঘটে ঢাকায় দোকান ও বিপণীবিতান বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী।
বুধবার সকালে শুরু হওয়া ধর্মঘট সন্ধ্যা পর্যন্ত চলবে জানিয়ে ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক আবু মোতালেব বলেছেন, ২০ নভেম্বরের মধ্যে দাবি না মানলে বড় কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে সব মার্কেট ও দোকান বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজনে দোকানে গিয়ে খালি হাতে ফিরতে হয়েছে মানুষকে।
ইস্কাটনের বাসিন্দা আজিজ হাসান জানান, সকালে জরুরি প্রয়োজনে শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে গিয়ে বন্ধ পেয়েছেন তিনি।
তিনি বলেন, “মার্কেট বন্ধ পেয়ে ফিরে যেতে বাধ্য হয়েছি।”
তবে পাশেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়সংলগ্ন ওষুধের দোকানগুলো খোলা রয়েছে বলে তিনি জানান।
পুরান ঢাকায় বিভিন্ন মার্কেটের সামনে ধর্মঘটের সমর্থনে ব্যবসায়িক বিভিন্ন সংগঠনের ব্যানার ঝুলতে দেখা গেছে। ধর্মঘটের সমর্থনে মিছিও করেন ব্যবসায়ীরা।
বর্তমানে দোকান মালিকরা প্যাকেজ ভ্যাট বা বিক্রির উপর বছরে নির্দিষ্ট অঙ্কের ভ্যাট এনবিআরকে দিয়ে থাকেন। তবে ২০১২ সালের ‘মূসক ও সম্পূরক শুল্ক আইন’-এ তা পরিবর্তন করে ১৫ শতাংশ হারে ভ্যাট আদায়ের নিয়ম করা হয়।
এ বছরের জুলাই থেকে নতুন পদ্ধতিতে ভ্যাট আদায়ের কথা থাকলেও ব্যবসায়ীদের দাবির মুখে অর্থমন্ত্রী তা এক বছর পিছিয়ে দেন। তবে প্যাকেজ ভ্যাটের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়।
ব্যবসায়ীরা এখনও প্যাকেজ ভ্যাট বহালের দাবি জানিয়ে আসছেন। সেই সঙ্গে এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগও তাদের।
দাবি আদায়ে গত ২৭ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ২ নভেম্বর ধর্মঘটের ঘোষণা দিয়েছিল ঐক্য ফোরাম।
বিকাল সোয়া ৩টার দিকে ব্যবসায়ী ঐক্য ফোরামের নেতা আবু মোতালেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাজধানীর সব মার্কেট ও দোকান আজ সারাদিন স্বতঃস্ফূর্তভাবে বন্ধ রয়েছে।
“আমরা ২০ তারিখ পর্যন্ত সরকারকে আল্টিমেটাম দিয়েছি, এর মধ্যে সমাধান না হলে আরও বড় কর্মসূচি দেব।”
