২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখেরি চাহার সোম্বা ৩০ নভেম্বর

সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ৩০ নভেম্বর বাংলাদেশে আখেরি চাহার সোম্বা উদযাপিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 10:48 PM

Updated : 20 Aug 2022, 02:06 PM

বাংলাদেশের আকাশে সোমবার সফর মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১ নভেম্বর মহররম মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২ নভেম্বর থেকে সফর মাস গণনা শুরু হবে।

ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে সোমবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আখেরি চাহার সোম্বার তারিখ নির্ধারিত হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মো. সাইদুর রহমান, আবহাওয়া অধিদপ্তরের উপ-পরিচালক আবদুর রহমান, স্পারসোর সিএসও শাহ আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান, চকবাজার শাহী জামে মসজিদের খতিব শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান সভায় উপস্থিত ছিলেন।

হিজরি সনের সফর মাসের শেষ বুধবার আখেরি চাহার সোম্বা পালিত হয়। এদিন বাংলাদেশে ঐচ্ছিক সরকারি ছুটি থাকে।

মহানবী (সা.) মারা যাওয়ার আগে কিছুদিন গুরুতর অসুস্থ ছিলেন। বলা হয়ে থাকে, এই দিনে তিনি রোগমুক্তি শেষে গোসল করে মসজিদে নববীতে ইমামতি করেন। যদিও পরে ফের অসুস্থ হন তিনি।

অনেকদিন পর মহানবীকে সুস্থ দেখে সাহাবিরা আনন্দিত হন। পরবর্তীতে এই দিনটি মুসলমানরা আনন্দের দিন হিসেবে পালন করে।