২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্রধারী সেই দুই ছাত্রলীগ নেতা বহিষ্কার

ঢাকার গুলিস্তানে চার দিন আগে ফুটপাতের হকারদের উচ্ছেদের সময় সংঘর্ষের মধ‌্যে যে দুই ছাত্রলীগ নেতার হাতে আগ্নেয়াস্ত্র দেখা গিয়েছিল, তাদের বহিষ্কার করেছে ক্ষমতাসীন দল সমর্থক এই সংগঠনটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 03:14 PM

Updated : 11 Oct 2022, 08:59 PM

পুরনো খবর:

গুলিস্তানে উচ্ছেদ অভিযানে ধাওয়া-পাল্টা ধাওয়া

ওই দুইজন হলেন- ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন এবং ওয়ারী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান।

সোমবার ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়। তবে এই সিদ্ধান্তের কোনো কারণ সেখানে দেখানো হয়নি।

গত ২৭ অক্টোবর গুলিস্তান পাতাল মার্কেট এলাকার ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মচারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়।

এ সময় ঢাকার গণপরিবহন চলাচলের অন‌্যতম প্রধান কেন্দ্র গুলিস্তানে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। রাস্তায় মানুষের মধ‌্যে তৈরি হয় আতঙ্ক; আশপাশের সড়কে সৃষ্টি হয় যানজট।

Image
সংঘর্ষের পরদিন প্রথম আলোতে দুই ছাত্রলীগ নেতার ছবি

সংঘর্ষের পরদিন প্রথম আলোতে দুই ছাত্রলীগ নেতার ছবি

সংঘর্ষের মধ‌্যে গোলাপী ফুলহাতা সার্ট পরিহিত সাব্বির রহমানকে রিভালবার উচিয়ে ফাঁকা গুলি করতে দেখা যায়। সে সময় সাব্বিরের পাশে নীল টি-শার্ট পরিহিত আশিকের হাতে দেখা যায় পিস্তল। সেই ছবি পরদিন সংবাদপত্রে ছাপা হয়।

পত্রিকায় ছবি আসার পর ওই ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে কী ব‌্যবস্থা নেওয়া হয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের কোনো কর্মকর্তা নাম প্রকাশ করে কোনো কথা বলতে চাননি। তাদের একজন জানিয়েছেন, তারা এ বিষয়ে আইনগত ব‌্যবস্থার প্রস্তুতি নিচ্ছেন।