২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গৃহকর্মী নির্যাতন: ক্রিকেটার শাহাদাত ও স্ত্রীর রায় ৬ নভেম্বর

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্যর বিরুদ্ধে মামলার রায় জানা যাবে আগামী ৬ নভেম্বর।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2016, 02:42 PM

Updated : 12 Apr 2022, 03:11 AM

সোমবার আলোচিত এ মামলায় দুই পক্ষের যুক্তিতর্ক শোনেন ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব‌্যুনালের বিচারক তানজিলা ইসমাইল।

পরে তিনি রায়ের দিন ঠিক করে দেন বলে এ ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন জানান।

অভিযোগ প্রমাণিত হলে শাহাদাত ও নিত্যর সাত থেকে ১৪ বছরের কারাদণ্ড হতে পারে।

গত বছরের ৬ সেপ্টেম্বর গৃহকর্মী হারিয়ে গেছে জানিয়ে শাহাদত মিরপুর থানায় সাধারণ ডায়েরি করার কয়েক ঘণ্টা পর খন্দকার মোজাম্মেল হক নামের এক সাংবাদিক পল্লবীর সাংবাদিক কলোনি থেকে মাহফুজা আক্তার হ্যাপি নামের ওই গৃহকর্মীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেন।

পরে ওই কিশোরী থানায় শাহাদত ও তার স্ত্রী জেসমিন জাহান নিত্যর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন।উদ্ধারকারী সাংবাদিক বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

এরপর পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে; শাহাদত আদালতে আত্মসমর্পণ করেন।

গত বছরের ১৩ সেপ্টেম্বর ১১ বছরের ওই গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেয়। তদন্ত শেষে ২৯ ডিসেম্বর মিরপুর মডেল থানার পরিদর্শক শফিকুর রহমান আদালতে অভিযোগপত্র দেন।

ডিসেম্বরেই জামিনে কারামুক্ত হন শাহাদাত ও তার স্ত্রী। গত ২২ ফেব্রুয়ারি একই বিচারক এই দম্পতির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

রাষ্ট্রপক্ষ সাক্ষ‌্যপ্রমাণের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে জানিয়ে যুক্তিতর্কের শুনানিতে আলী আসগর স্বপন তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

অন‌্যদিকে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হীরু আদালতে বলেন, গৃহকর্মী ‘রাগ করে’ আসামিদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আসামিদের হাতে সে কোনো ধরনের নির্যাতনের শিকার হয়নি।

মামলার বিচারের সময় রাষ্ট্রপক্ষে সাতজনের সাক্ষ্য নেওয়া হলেও আসামিপক্ষে কোনো সাফাই সাক্ষী ছিল না।

পুরনো খবর:

গৃহকর্মী নির্যাতন: শাহাদাতের বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক ৩১ অক্টোবর