দেশে আরও ডেনিশ বিনিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ বিরাজ করছে জানিয়ে ডেনমার্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার বাংলাদেশে নিযুক্ত নতুন ডেনিশ দূত মিখেইল হেমনিটি ভিনথে বঙ্গভবনে পরিচয় পত্র দিতে গেলে আবদুল হামিদ এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানান।
প্রেস সচিব আরও বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নৈতিক ও কূটনৈতিক সহযোগিতার জন্য ডেনমার্কের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।”
আবদুল হামিদ বাংলাদেশ ও ডেনমার্কের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে আশা করেন, নতুন দূতের দায়িত্ব পালনকালে এই সম্পর্ক আরও জোরদার ও দৃঢ় হবে।
স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে অব্যাহত সহযোগিতার প্রশংসাও করেন রাষ্ট্রপতি।
নতুন দূত এ সময় রাষ্ট্রপতির কাছে তার কর্মকালে সার্বিক সহযোগিতা চান বলেও জানান প্রেস সচিব।
এর আগে বাংলাদেশে নিযুক্ত ব্রুনেই দারুস সালামের নতুন হাই কমিশনার হাজাহ মাসুরাই বিনতি হাজি মাসরি রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
ব্রুনেই দারুস সালামের নতুন হাই কমিশনারও রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।
“রাষ্ট্রপতি এসময় সম্পর্ক বৃদ্ধিতে দুই দেশের উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।”
রাষ্ট্রপতি বলেন, ব্রুনেই বাংলাদেশ থেকে চামড়াজাত, পাটজাত, তৈরি পোশাক ও ওষুধ পণ্য নিতে পারে।
নতুন দূত এসময় আশা প্রকাশ করে বলেন, তার কর্মকালে দুই দেশের সম্পর্ক ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাবে।
পরিচয় পত্র দিতে আসা দুই দূত বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি দল তাদের আলাদাভাবে গার্ড অব অনার দেয়।
