২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপবৃত্তির টাকা বিতরণে অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি

দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির অর্থ বিতরণে অগ্রণী ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম (সেসিপ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2016, 08:30 PM

Updated : 20 Aug 2022, 01:56 PM

সচিবালয়ে রোববার শিক্ষা সচিব সোহরাব হোসাইনের উপস্থিতিতে সেসিপ’র প্রোগ্রাম পরিচালক অধ্যাপক মো. ওয়াহিদুজ্জামান এবং অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইসমাইল হোসেন নিজ নিজে পক্ষে চুক্তিতে সই করেন।

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের আওতায় উপবৃত্তির অর্থ বিতরণে ২০১৪ সালের আগস্টে অগ্রণী ব্যাংকের সঙ্গে দুই বছরের চুক্তি করে সেসিপ। ওই চুক্তির ধারাবাহিকতায়ই নতুন চুক্তি হল।

এই চুক্তির আওতায় দেশের ১৭ জেলার ৫৪ উপজেলার ষষ্ঠ থেকে ১০ম শ্রেণির তিন লাখ দরিদ্র শিক্ষার্থীর মধ্যে চলতি বছরের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ১৫০ কোটি টাকা বিতরণ করা হবে।

শিক্ষার্থীদের নিজস্ব বিকাশ অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংক এই উপবৃত্তির টাকা পাঠাবে।

প্রতি মাসে উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে ১০০ টাকা, অষ্টম শ্রেণিতে ১২৫ টাকা, নবম শ্রেণিতে ১৭০ টাকা এবং দশম শ্রেণিতে ২১০ টাকা করে পাবেন।

এছাড়া উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা টিউশন ফি হিসেবে মাসে ১৫ থেকে ২০ টাকা এবং এসএসসি ও দাখিল পরীক্ষার্থীরা পরীক্ষা ফি সহায়তা হিসেবে ৭৫০ টাকা করে পাবেন।