বদরুলের বিচার দ্রুত করতে সব করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সিলেটের কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের ওপর হামলাকারী বদরুল আলমের বিচার দ্রুত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল জানিয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজাকে দেখার পর তিনি একথা বলেন।
হাসপাতালে খাদিজা বেগম
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল গত সোমবার বিকালে শহরের এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে খাদিজাকে।
পরদিন ঢাকায় আনার পর তার অস্ত্রোপচার হয়। তখন থেকে আইসিইউতে চিকিৎসকদের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে আছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ঘাতক বদরুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার বিচার দ্রুত করতে যা যা করা দরকার তা করা হবে।”
এ ঘটনাকে নৃশংস আখ্যা দিয়ে তিনি বলেন, এ কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে তা বলা যাবে না।
