২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতির সঙ্গে বৌদ্ধ ও হিন্দু ধর্মাবলম্বী প্রতিনিধিদের সাক্ষাৎ

সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের বড় ঐতিহ্য মন্তব্য করে কেউ যাতে তা নষ্ট করতে না পারে সেজন্য ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2016, 09:26 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

বুধবার বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ধর্মমন্ত্রী মতিউর রহমান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের এসব তথ্য জানিয়ে বলেন, “সাক্ষাতের সময় প্রতিনিধি দল ট্রাস্টের একটি প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

“এসময় প্রতিনিধি দল বাস্তবায়নাধীন এবং ভবিষ্যৎ বিভিন্ন কর্মসূচি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে তা বাস্তবায়নে রাষ্ট্রপতির সহযোগতিা চান।”

বৌদ্ধ পারিবারিক আইনের খসড়া প্রণয়ন করা হচ্ছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খুব শিগগিরই ‘আন্তর্জাতিক শান্তি সম্মেলন’ আয়োজন করতে যাচ্ছে জানিয়ে সম্মেলনে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানায়।

প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি শান্তি সম্মেলন আয়োজনের উদ্যোগের প্রশংসা করেন।

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির ১১ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় রাষ্ট্রপতি বলেন, দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বাংলাদেশে এই ঐতিহ্যবাহী উৎসব সবার অংশগ্রহণে স্মরণাতীতকাল থেকে উদযাপন হচ্ছে।”

সাক্ষাতের সময় প্রতিনিধি দল জানায়, এবছর ২৯ হাজার ৩৯৫টি প্যান্ডেলে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজার উদযাপিত হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তারা সব ধরনের সহযোগতিা পাচ্ছে বলেও রাষ্ট্রপতিকে জানায় প্রতিনিধি দল।

আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠেয় ‘বিজয়া সম্মিলনে’ যোগ দেওয়ার জন্য প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আহ্বান জানান।

রাষ্ট্রপতি এসময় সকল ধর্মাবলম্বীদের যথাযথভাবে নিজ নিজ ধর্ম পালনে পারস্পরিক সহযোগিতা করার আহ্বান জানান।