ডিসি বাছাইয়ের সাক্ষাৎকার ২১-২২ অক্টোবর
দুই দফা সময় দিয়েও তা স্থগিত করে ফের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগে কর্মকর্তা বাছাইয়ে সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করেছে সরকার।
আগামী ২১ ও ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে সচিবালয়ে ‘জেলা প্রশাসক পদে নিয়োগের লক্ষ্যে ফিটলিস্ট প্রণয়নের জন্য’ সাক্ষাৎকার নেওয়া হবে বলে মঙ্গলবার জনপ্রশসন মন্ত্রণালয়ের এক নোটিসে জানানো হয়েছে।
গত ২৫ অগাস্ট এই সাক্ষাৎকার হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়। এরপর সাক্ষাৎকার নেওয়ার আরেক দফা তারিখ দিয়ে তাও অনিবার্য কারণে স্থগিত করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নতুন করেন উপসচিব পদমর্যাদার ১৫তম ব্যাচের ২৭ জন, ১৭তম ব্যাচের ২২ জন এবং ১৮তম ব্যাচের ৫৩ জন সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছেন।
১৫ ও ১৭তম ব্যাচের কর্মকর্তাদের ২১ অক্টোবর এবং ১৮তম ব্যাচের কর্মকর্তাদের আগামী ২২ অক্টোবর সাক্ষাৎকার নেওয়া হবে বলে নোটিসে বলা হয়েছে।
