নারী শ্রমিকদের পদচারণাই ‘ধর্মীয় গোঁড়ামির প্রতিবাদ’
ধর্মীয় উগ্রবাদ মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টার মধ্যে বাংলাদেশের লাখ লাখ নারী পোশাক শ্রমিকের কর্মস্থলে পদচারণাকেই গোঁড়ামির প্রতিবাদ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি বলেছেন, “পৃথিবীর আর কোন দেশে আর কোন নগরে সকাল বেলা বা সন্ধ্যা বেলা হাজার হাজার লক্ষ লক্ষ এই বয়সের নারীরা যাচ্ছে, ঝুঁকি থাকুক কিন্তু দেখেও ভালো লাগে।আমার মনে হয় এটা ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধেও একটি অবস্থান।”
মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচায় মহিলা পরিষদ ভবনে পোশাক শিল্পের কর্মীদের ঝুঁকির উপর পরিচালিত একটি গবেষণা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন একথা বলেন।
সামাজিক বাধা অতিক্রম করে শিল্প-কারখানায় যোগ দিয়ে বাংলাদেশের নারীরা আনুষ্ঠানিক শ্রমে এলেও তাদের মজুরি বৈষম্যের শিকার হওয়ার কথাও বলেন এই অর্থনীতিবিদ।
“এখাতে বেশিরভাগ শ্রমিক নারী বলেই বেতন কম।বেতন বাড়াতে হলে অবশ্যই উৎপাদন বাড়াতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দিলেই উৎপাদন বাড়ানো সম্ভব। কিন্তু পোশাক উদ্যোক্তারা তাদের প্রশিক্ষণ না দিয়ে ওভারটাইম করান।”
ওয়াহিদউদ্দিন মনে করেন,বর্তমানে পোশাক শ্রমিকরা যে বেতন পাচ্ছে তা দিয়ে দারিদ্র্য দূর হবে না।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিআইডিএসের সাবেক মহাপরিচালক মোস্তফা কে মুজেরী পোশাক শিল্প মালিকদের সমালোচনা করেন।
“ক্রেতারা কী পরিবর্তন চায়, তা তারা (মালিকরা) করতে চান। কিন্তু কর্মীদের অসুবিধা কোথায় তা ধর্তব্যে রাখেন না।”
