কৃষিভিত্তিক গেইম ও অ্যাপ তৈরিতে সহযোগিতা করবে সরকার
কৃষিতে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কৃষিভিত্তিক গেইম ও অ্যাপ তৈরিতে সহযোগিতা করবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ।
রোববার জাতীয় প্রেসক্লাবে ‘কৃষিতে নারীদের জন্য ডিজিটাল কনটেন্ট’ শিরোনামের এক গোলটেবিল বৈঠেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক একথা বলেন।
তিনি বলেন, “আইসিটি বিভাগ ইতোমধ্যে সরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম ‘ই-শপ’ কর্মসূচি হাতে নিয়েছে। এর ফলে মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং উৎপাদক ও ভোক্তা সঠিক দাম পাবে। দেশের ৬৪টি উপজেলায় ৬৪টি ই-শপ পরিচালনা করা হবে।”
“ভাষা ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে এসব অ্যাপ বা গেইম তৈরি করলে কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত সম্ভব হবে এবং এক্ষেত্রে আইসিটি বিভাগ দেশীয় উদ্যোক্তাদের সহায়তা করবে।”
দুর্যোগ ও আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কৃষিতে তথ্য সরবরাহ গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আগামী বছর আমাদের নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ হলে এক্ষেত্রে আরো অগ্রগতি হবে।”
তথ্য প্রযুক্তির উন্নয়নে আইসিটি বিভাগের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে পলক বলেন, “ইনোভেশন ডিজাইন এন্টারপ্রেনারশিপ একাডেমি প্রতিষ্ঠা করা হচ্ছে। এই একাডেমিতে কৃষি নিয়ে যারা কাজ করে তারা আইডিয়া জমা দিলে তা রিসার্চ ও ডেভলপমেন্টের জন্য সহযোগিতা ক
তথ্য প্রযুক্তি শিক্ষা গ্রামীণ এলাকায় নারীদের কাছে নিয়ে যেতে মোবাইল ট্রেনিং বাস চালু করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মোবাইল ফোন অপারেটর রবি এবং প্রযুক্তি নির্মাণ প্রতিষ্ঠান হুয়াহুয়ের সহযোগিতায় এ প্রশিক্ষণ পরিচালনা করবে আইসিটি বিভাগ।”
ছয়টি মোবাইল ট্রেনিং বাসের মাধ্যমে আগামীতে গ্রামীণ এলাকায় প্রায় দুই লাখ নারীকে প্রশিক্ষণ দেওয়া সম্ভব হবে বলে আশা করেন তিনি।
কৃষিতে মহিলাদের জন্য ডিজিটাল কনটেন্ট সরবরাহ করতে স্যোসাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ব্যবহার বৃদ্ধির জন্যও বলেন প্রতিমন্ত্রী।
মূল প্রবন্ধে বলা হয়, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। কৃষিতে নারীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতে ডিজিটাল কনটেন্ট সরবরাহ করলে আরও অগ্রগতি হবে। কৃষি তথ্য সরবরাহে বিভিন্ন সংস্থা কাজ করলেও তাদের সমন্বয়ের প্রয়োজন রয়েছে।
বেসিস, অক্সফাম, নাগরিক সংহতি এবং মোনাস বিশ্ববিদ্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষি অর্থনীতিবিদ জাহাঙ্গীর আলম, বেসিস পরিচালক আলমাস কবির, কৃষি তথ্য সার্ভিস প্রধান তথ্য কর্মকর্তা আনোয়ার হোসেন।
