২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খসে পড়ল হাকিমের টয়লেটের সিলিং

ঢাকার মুখ‌্য বিচারিক হাকিম আদালতের একজন হাকিমের খাসকামরায় অস্থায়ী ভিত্তিতে নির্মিত টয়লেটের সিলিং খসে পড়ে সোমবার আতঙ্কের সৃষ্টি হয়।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 11:42 PM

Updated : 12 Apr 2022, 02:49 AM

সন্ধ্যা ৬টার দিকে বিচারিক হাকিম মো. তাওহীদ আল আজাদের খাসকামরার টয়লেটের সিলিং খসে পড়ে বলে আদালত কর্মচারীরা জানান।

হাকিম তাওহীদ তখন খাসকামরায় দুই মামলায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিচ্ছিলেন।

মুখ‌্য বিচারিক আদালত ভবনের নির্মাণ কাজ শুরুর পর গত বছর ঢাকা আইনজীবী সমিতির পরিত‌্যক্ত এ টিনশেড ভবনটি হাকিম আদালত হিসেবে ব‌্যবহার হচ্ছে।

এ টিনশেড ভবনে ১০ মুখ্য বিচারিক হাকিমসহ এ আদালতের আরও ৯ জন বিচারকের এজলাস, খাস কামরা, দুর্নীতি দমন কমিশনের প্রসিকিউশন কার্যালয়, হাকিম আদালতের প্রসিকিউশন পুলিশের নন জিআরও কার্যালয়, আদালতের মটর যান শাখার কার্যালয় রয়েছে।

টয়লেটের ছাদ খসে পড়ার পর আদালতপাড়ায় কর্মরত গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আবুল কাশেম চৌধুরী ঘটনাস্থলে যান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকা আইনজীবী সমিতির ব্যবহার করা এ ভবন সংস্কার করে নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠান খান অ‌্যান্ড সন্সের গাফিলতির কারণে এ ঘটনা ঘটেছে। তাদের নজরদারি থাকলে এ ঘটনা ঘটত না।”

এর আগে এ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নির্মিতব্য মুখ্য বিচারিক হাকিম আদালতের বহুতল ভবনে নিম্নমানের লোহার রড ব্যবহারের অভিযোগ ওঠে।

হাকিম তৌহিদ আল আজাদ সাংবাদিকদের বলেন, এ ভবনে সাড়ে ১৩ হাজার বর্গফুট ফলস সিলিং রয়েছে, যার সবগুলোই খুব নাজুক অবস্থায় রয়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

সিলিংয়ের ফাঁক গলে বৃষ্টির জল গড়িয়ে টেবিল-চেয়ারে পড়ে বলেও এর আগে অভিযোগ করেছিলেন এ আদালতের একজন বিচারক।