২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ সম্পদ: কারাগারে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব

অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ আমিনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2016, 05:17 PM

Updated : 20 Aug 2022, 01:36 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।

সোমবার সকালে রাজধানীর মগবাজার থেকে গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক মো. আখতার হামিদ।

দুদকের প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা মো. শহিদুর রহমান জানান, মোহাম্মদ আমিনের জামিন আবেদনও নাকচ করে দেন বিচারক।

বর্তমানে মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) মোহাম্মদ আমিনের বিরুদ্ধে ৪৮ লাখ ৬৭ হাজার টাকা অবৈধ সম্পদ উপার্জনের অভিযোগ রয়েছে বলে দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন।

অবৈধ সম্প অর্জনের অভিযোগে গত ২০ জুলাই তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়।

এদিকে দুর্নীতির মামলায় একই বিচারক ঢাকা সিটি করপোরেশন অঞ্চল-১ এর সাবেক সহকারী প্রকৌশলী, বর্তমানে পটুয়াখালী বাউফলের উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

ঢাকা সিটি করপোরেশনে কর্মরত অবস্থায় দয়াগঞ্জ সুইপার কলোনি ‘খ’ এর নির্মাণকাজে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে এক কোটি ৪২ লাখ টাকা আত্মসাতের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

তার বিরুদ্ধে মামলা হয় গত জুন মাসে।

পুরনো খবর:

অবৈধ সম্পদ: জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব গ্রেপ্তার