প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছে ১১ ক্ষুদে অ্যাক্রোবেট
এক বছরের উচ্চতর প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছে ১১ জন ক্ষুদে অ্যাক্রোবেটের একটি দল।
দুই দেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে শিশুদের দলটি বেইজিং ইন্টারন্যাশনাল আর্টস স্কুলে প্রশিক্ষণ নিতে রওনা হবে সোমবার।
ক্ষুদে অ্যাক্রোবেট দলের চীন যাত্রা উপলক্ষে রোববার শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, দেশব্যাপী তরুণ প্রজন্মের মধ্যে অ্যাক্রোবেট চর্চার প্রসারে এর পেশাদারিত্বের দিকটি ‘গুরুত্ব’ দিয়ে বিবেচনা করার সময় এসেছে।
তিনি বলেন, “অ্যাক্রোবেটিক পারফর্মারদের পেশাদারিত্বের দিকটি আমাদের সত্যি বিবেচনা করতে হবে। বিদেশ থেকে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসে যথাযথ পৃষ্ঠপোষকতা না পেলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। তাদের প্রশিক্ষণটিও বৃথা যাবে।
“তাদের পেশাদারিত্বের দিকটি সরকার ভাববে এবার। ভাবছি, দেশের প্রতিটি স্কুলে সঙ্গীত-নৃত্যকলার মতো অ্যাক্রোবেটিক শিক্ষকও নিয়োগও দেওয়া যায় কি না। এতে তাদের পেশার বিষয়টিও নিশ্চিত হতে পারে।”
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মা মিং চিয়াং বলেন, “এই শিশুদের আমরা ভীষণ যত্নে প্রশিক্ষণ দেব। ফিরে এসে পারফরম্যান্সে সবাইকে তাক লাগিয়ে দেবে তারা।”
অনুষ্ঠানে জানানো হয়, ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন’ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পকলা একাডেমি বাছাই করেছে ১১ জনকে।
১৯৯৪ সালে ‘ফাইন অ্যান্ড পারফর্মিং আর্টস প্রশিক্ষণ’ প্রকল্পের আওতায় রাজবাড়িতে অ্যাক্রোবেটিক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন হয়, বিশেষজ্ঞ প্রশিক্ষক আনা হয় দক্ষিণ কোরিয়া থেকে। কিন্তু ছয় বছর পর অর্থাভাবে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
এর ১২ বছর পরে ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন’ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলায় অ্যাক্রোবেটিক কর্মশালা শুরু করে শিল্পকলা একাডেমি। আবারও চালু করা হয় রাজবাড়ির প্রশিক্ষণ কেন্দ্রটি। গঠিত হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমি অ্যাক্রোবেটিক দল।
শিল্পকলা একাডেমির অর্থায়নে নাটক ও চলচ্চিত্র বিভাগ দেশব্যাপী অ্যাক্রোবেটিক প্রদর্শনীও শুরু করে। ২০১৫-১৬ অর্থবছরে জেলা ও উপজেলা পর্যায়ে ৭৯টি প্রদর্শনী করেছে শিল্পকলার অ্যাক্রোবেটিক দল।
শিল্পকলা একাডেমির সচিব এবং নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন চৌধুরী জানান, এ বছর ১১ শিশুশিল্পীর সঙ্গে একজন দলীয় প্রধান সার্বক্ষণিক অবস্থান করবেন। এছাড়া চীনে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তাও অভিভাবক হিসেবে নিযুক্ত থাকবেন।
