বাংলাদেশে আসতে ‘না’ করিনি: বার্নিকাট
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, গুলশান হত্যাকাণ্ডের পর নাগরিকদের বাংলাদেশে আসতে নিরুৎসাহিত করেনি তার সরকার।
ওই ঘটনার বাংলাদেশ সফরকালে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
“আপনাদের সতর্ক থাকার দরকার। আপনারা যখন বাংলাদেশে থাকবেন তখন আপনাদের বাংলাদেশে সতর্ক থাকা দরকার।
“তবে বাংলাদেশে ভ্রমণ করো না একথা যাতে আমরা না বলি সেটা নিশ্চিত করতে আমরা অনেক কষ্ট করেছি। বাংলাদেশে সব ধরনের ভ্রমণ এড়ানো উচিত বলে আমরা চিন্তা করিনি,” বৃহস্পতিবার বিজিএমইএ ভবনে এক প্রশ্নের জবাবে বলেন তিনি।
গুলশানের ক্যাফেতে নজিরবিহীন জঙ্গি হামলার পর বাংলাদেশ ভ্রমণে জারি করা সতর্কতা প্রত্যাহারের জন্য এফবিসিসিআই প্রেসিডেন্ট আবদুল মাতলুব আহমদ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানানোর পরদিন একথা বললেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
বার্নিকাট বলেন, বিশ্বজুড়ে যেসব পরিস্থিতি নাগরিকদের ভ্রমণে প্রভাব ফেলতে পারে সে বিষয়ে তাদের সতর্ক করার বিধান রয়েছে তাদের। তবে তার অর্থ ভ্রমণে নিষেধ করা নয়।
তিনি বলেন, অনেক ব্যবসায়ী ভ্রমণ করতে চান না এবং প্রতিনিধিদের দিয়ে কাজ চালিয়ে নেন।
“আমরা এ বিষয়টি নিশ্চিত করতে চাই- যারা এখানে ভ্রমণ করবেন তারা সবাই যেন বুঝতে পারেন যে, এখানে একটা ঘটনা ঘটেছে এবং হুমকি রয়েছে যাতে তারা যা করেন সেক্ষেত্রে সতর্ক থাকেন।”
সন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকারের সঙ্গে ‘সক্রিয়ভাবে’ সম্পৃক্ত আছে বলে আবারও জানান রাষ্ট্রদূত। তবে এতে তিনি ‘সন্তুষ্ট’ কি না তা বলেননি।
“কোনো দেশের নাগরিক হিসেবে আমরা কখনও সন্তুষ্ট হতে পারি না যে, আমরা যথেষ্ট করছি। এটা ‘ইউনিক’ হুমকি। আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি।”
সরকারকে ‘স্বচ্ছ’ হওয়ারও আহ্বান জানান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত।
এতে মানুষের চাপ কমে মন্তব্য করে তিনি বলেন, “স্বচ্ছতা থাকলে কী হচ্ছে সে বিষয়ে প্রত্যেকে আরও আত্মবিশ্বাসী হয়।”
বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান বলেন, গত বছর তিনি এই সংগঠনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিজিএমইএ কার্যালয়ে যান বার্নিকাট।
ঘণ্টাব্যাপী বৈঠকে গার্মেন্ট কারখানার নিরাপত্তা ও কর্মীদের অধিকারসহ নানা বিষয়ে তাদের আলোচনা হয়। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা।
