পুরান ঢাকায় এক নারীকে শ্বাসরোধে হত্যা
পুরান ঢাকার কোতোয়ালিতে এক নারী খুন হয়েছেন।
আসমা বেগম (৩৫) নামে ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের পর পুলিশ এখলাস মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
কর্মজীবী আসমা ভাই-বোনকে নিয়ে প্রসন্ন পোদ্দার লেনের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তার বাড়ি কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুরে।
এখলাস কোতোয়ালিরই সৈয়দ আওলাদ হোসেন লেনের বাসিন্দা। তার নির্মাণাধীন বাড়ির নবম তলার ফ্ল্যাটে আসমার লাশ পাওয়া যায়।
আসমাকে শ্বাসরোধে হত্যার কথা এখলাস স্বীকার করেছেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) পারভেজ ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
তবে কী কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন, সে বিষয়ে পুলিশ কিছু জানাতে পারেনি।
পুলিশ কর্মকর্তা পারভেজ বলেন, আসমাকে মঙ্গলবার রাত ৯টার দিকে একলাস মিয়া তার বাসায় ডেকে নেন।
“আসমা বাসায় না ফেরায় তার বোন ও ভাই তাকে খুঁজতে থাকে এবং পরে পুলিশের কাছে আসে। এরপর পুলিশ অনুসন্ধান চালিয়ে এখলাসকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে আসমাকে শ্বাসরোধে হত্যা করে নির্মাণাধীন নয়তলার একটি ফ্ল্যাটে রেখে আসার কথা জানায়।”
এখলাসের ১০ তলা বাড়ির ছয়তলার উপরের চারটি তলা নির্মাণাধীন। নবম তলা থেকে বুধবার লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ কর্মকর্তা পারভেজ বলেন, অবিবাহিত আসমা মালিবাগের একটি মাল্টিপারপাস কোম্পানিতে চাকরি করতেন, এক ভাই এবং একব বোনকে নিয়ে বাসা ভাড়আ করে থাকতেন তিনি।
কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে- জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, “এখলাস মিয়াকে ২৫ লাখ টাকা দিয়েছিল আসমা। ওই টাকার বিনিময়ে তাকে একটি ফ্ল্যাট দেওয়ার কথা ছিল এখলাস মিয়ার। ধারণা করা হচ্ছে, ওই টাকা আত্মসাতের জন্যই এখলাস মিয়া আসমাকে হত্যা করে।”
এখলাস মিয়ার স্ত্রী, সন্তান ও বাড়ির নিরাপত্তাকর্মীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান পরিদর্শক পারভেজ।
