কূটনীতিকদের নিরাপত্তায় নতুন পদক্ষেপের সুপারিশ
গুলশান হত্যাকাণ্ডের পর গঠিত একটি টাস্ক ফোর্স ঢাকায় দায়িত্বরত কূটনীতিক ও মিশনগুলোর কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে ‘নতুন কিছু পদক্ষেপ’ নেওয়ার সুপারিশ করেছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
কূটনীতিক ও কূটনৈতিকপাড়ার নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়। তবে পদক্ষেপগুলো কী কী সে বিষয়ে এতে কিছু বলা হয়নি।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে বৈঠকে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মুখ্য সচিব, পররাষ্ট্র সচিব এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পুলিশ, সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত ১ জুলাই গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় অন্তত ২২ জন নিহত হন, যাদের ১৭ জনই বিদেশি। এ হত্যাকাণ্ডের পর কূটনীতিকদের নিরাপত্তায় এই টাস্ক ফোর্স গঠন করা হয়।
