২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে গ্রেপ্তারের দাবি ছাত্রলীগের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গিমাতা’ আখ্যায়িত করে অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 01:19 PM

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এই দাবি জানান সংগঠনটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

জঙ্গিবাদের বিরুদ্ধে ক্যাম্পাসে মিছিল শেষে এই সমাবেশে বিএনপি নেতা আ স ম হান্নান শাহ ও শাহ মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তারের দাবিও জানান তারা।

সাইফুর বলেন, “দেশের জঙ্গিবাদের হোতা ও জঙ্গিমাতা বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়াকে গ্রেপ্তার করলে জঙ্গিদের সব তথ্য বেরিয়ে আসবে। তিনিসহ তার দল বিএনপি এটার মদদ দিয়েছে।

“এই খালেদা দেশের অগ্রগতিকে বাধাগ্রস্ত করে এবার জঙ্গিদের মদদ দিচ্ছে। তাই জঙ্গিমাতা খালেদা জিয়ার বিচার দেশের জনগণ দেখতে চায়। অবিলম্বে তাকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনলে দেশের জঙ্গিবাদের মূল উৎপাটন হবে।”

কল্যাণপুরে জঙ্গি আস্তানায় পুলিশের অভিযান নিয়ে হান্নান শাহ ও শাহ মোয়াজ্জেম সন্দেহ প্রকাশ করে কার্যত জঙ্গিদের পক্ষ নিয়েছেন বলে দাবি করেন জাকির।

তিনি বলেন, “তাদের অবিলম্বে গ্রেপ্তার করা না হলে যদি বিক্ষুব্ধ তরুণেরা তাদের বিরুদ্ধে কিছু করে তার দায় ছাত্রলীগে নিবে না।”

পুলিশের ভূমিকাকে বির্তকিত করতেই হান্নান শাহ ও শাহ মোয়াজ্জেম ‘জঙ্গিদের পক্ষে সাফাই গাইছে’ বলে মন্তব্য করেন জাকির।

“আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এদের অবিলম্বে গ্রেপ্তার ও বিচারের আওতায় আনুন।”